পাঁচ কবিকে নিয়ে বোধনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবির উপস্থিতিতে কবিতা পাঠ করেন বোধনের আবৃত্তিশিল্পীরা l প্রথম অালো
কবির উপস্থিতিতে কবিতা পাঠ করেন বোধনের আবৃত্তিশিল্পীরা l প্রথম অালো

মঞ্চে কবির উপস্থিতিতে কবিতা পাঠ—বোধনের এমন আয়োজনে এবার চট্টগ্রামের পাঁচ কবি মুখোমুখি হলেন দর্শক-শ্রোতার। কবিরাও নিজেদের লেখালেখি সম্বন্ধে বললেন খোলাখুলি। গত ২৬ সেেপ্টম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হলভর্তি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠেছিল বোধনের এই কবিতাসন্ধ্যা।
সমকালের এই পাঁচ কবি হলেন আহমেদ মুনির, আসমা বীথি, অঞ্জন সরকার, মূয়িন পারভেজ ও প্রান্ত পলাশ। প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত আসর জমিয়ে রাখেন কবি বিশ্বজিৎ চৌধুরী।
‘কবিতার ছবি, কবিতার কবি’ শীর্ষক এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বোধনের সভাপতি রণজিৎ রক্ষিত। প্রান্ত পলাশের ‘শরশয্যা’, ‘সাধুখালীর রাত’ ও ‘জরায়ুর কান্না’ সিরিজের বেশ কয়েকটি কবিতা পড়ে শোনান প্রণব চৌধুরী, সঞ্জয় পাল, বুলবুল মুৎসুদ্দী, অনুপম শীল, তাপস দাশ ও পিংকী চৌধুরী। আবৃত্তি শেষে প্রান্ত পলাশ বলেন, তিনি সব সময় পাঠকের কাছাকাছি থাকতে চান। এরপর পলাশ একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
আসমা বীথির লেখা ‘প্রতিবিম্ব’, ‘এশিয়ান স্পাইস’, ‘মৃত বৃক্ষের সারি’সহ সাতটি কবিতা আবৃত্তি করেন শিল্পী জাভেদ হোসেন, সুবর্ণা চৌধুরী, লিমা চৌধুরী, হোসনে আরা, শিপ্রা দাশ, অসীম দাশ ও টুম্পা দাশ। আসমা বীথি বলেন, এ ধরনের অনুষ্ঠান কবি ও পাঠককে কাছাকাছি নিয়ে আসবে। তিনি তাঁর লেখা দুটো কবিতা পড়ে শোনান।
অঞ্জন সরকারের ‘শেষ পর্যন্ত সবই স্থির’, ‘সাদা কাগজের মাঝ বরাবর’, ‘আয় সখি ঘোড়ায় চড়ি’সহ বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন সঙ্গীতা কর চৌধুরী, সঞ্জয় পাল, অনুপম শীল, পলি ঘোষ, বুলবুল মুৎসুদ্দী ও জাভেদ হোসেন। অঞ্জন বলেন, কবিতাকে পাঠকেরা নতুনভাবে বিনির্মাণ করেন। তিনি এরপর নিজের লেখা দুটি কবিতা পাঠ করে শোনান।
মূয়িন পারভেজের ‘অনেক দিন ধরে’, ‘গ্রন্থাগারিক’, ‘আদালত ভবনে বৃষ্টি’সহ কয়েকটি কবিতা পড়ে শোনান শিল্পী সুছন্দা চৌধুরী, তাহসিনা বিন্তে সালাম, রুম্পা দাশ, হোসনে আরা তারিন, গৌতম চৌধুরী, সঙ্গীতা কর চৌধুরী ও জাভেদ হোসেন। বোধনের এমন আয়োজনের প্রশংসা করেন মূয়িন। এরপর তিনি নিজের লেখা একটি কবিতা পাঠ করেন।
সবশেষে আহমেদ মুনিরের কবিতা ‘জীবন বৃত্তান্ত’, ‘নির্বাচন’, ‘আত্মজার প্রতি’সহ আটটি কবিতা আবৃত্তি করেন শিল্পী প্রণব চৌধুরী, সুছন্দা চৌধুরী, সুবর্ণা চৌধুরী, ইসমাইল চৌধুরী, কাজী মামুন, গৌতম চৌধুরী, শুভাশীষ পাল ও তাপস দাশ। মুনির নিজের লেখা একটি কবিতা পাঠ করেন।