পাঁচ কিলোমিটারে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে কক্সবাজারে মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতবাজার সড়কের পাঁচ কিলোমিটার অংশ। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
শনিবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়া সোনারপাড়া, চিকনিপাড়া, ঝাপুয়া, মাইজপাড়া, ইউনুছখালি, আপজলিয়াপাড়া, বড়ুয়াপাড়া ও চালিয়াতলি এলাকায় সড়কের বিভিন্ন স্থানের পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়ে বড় বড় গর্ত। ভাঙা অংশে সামনে উড়ছে ধুলাবালু। হেলেদুলে চলছে গাড়ি।
স্থানীয় লোকজন জানান, চার বছর আগে পাহাড়ি ঢলে ওই সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এরপর সংস্কারের উদ্যোগ না নেওয়ায় সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নাজেম উদ্দিন জানান, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এ সড়ক দিয়ে উপজেলা সদরসহ পাশের চকরিয়ায় যাতায়াত করছে। এ নিয়ে বেশ কয়েকবার বলা হলেও এটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না
ইউনুছখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেমসন বড়ুয়া বলেন, ২৭ কিলোমিটার সড়কটির কালারমারছড়া বাজার থেকে চালিয়াতলি পর্যন্ত একেবারে নাজুক। এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় সময় গাড়ি আটকে যাচ্ছে।
এ প্রসঙ্গে কালারমারছড়া ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী জানান, ঝুঁিকপূর্ণ সড়ক সংস্কারের ব্যাপারে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনেকবার উত্থাপন করেও কোনো কাজ হচ্ছে না।
জানতে চাইলে সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আর পি বড়ুয়া বলেন, পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে তিন কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু বরাদ্দ না পাওয়ায় সড়কটি সংস্কার করা সম্ভব হচ্ছে না।