চরম্বা ইউনিয়নে আগে বোরো চাষ হতো ৩৯২ হেক্টর জমিতে। ধান উত্পাদিত হতো দুই হাজার মেট্রিকটন। ২০০২ সালে টংকাবতী খালে রাবারড্যাম চালু হওয়ার পর বাড়তে থাকে চাষের পরিমাণ। কয়েক বছর ধরে এক হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে। ধান উত্পাদিত হচ্ছে পাঁচ হাজার মেট্রিকটন। এতে বছরে প্রায় পাঁচ কোটি টাকার বেশি ধান উত্পাদন হচ্ছে। একটি রাবারড্যাম বোরো চাষে বিপ্লব এনেছে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে। এতে প্রান্তিক চাষিরা ঘুরে দাঁড়িয়েছেন। পদুয়া হাঙর খাল ও চুনতির চাম্বি খালে আরও দুটি রাবারড্যাম হলে বোরো ও আমন মৌসুমে আড়াই হাজার হেক্টর জমিতে চাষ হতো। প্রায় ১০ হাজার মেট্রিকটন ধান (বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা) বেশি উত্পাদিত হতো বলে সংশ্লিষ্টরা জানান। উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল হক চৌধুরী জানান, লোহাগাড়ায় বছরে ৫০ হাজার মেট্রিকটন চালের চাহিদা রয়েছে। উত্পাদিত হয় ৪০ হাজার মেট্রিকটন। আরও দুটি রাবারড্যাম হলে খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণ হতো এই উপজেলা। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন, ‘সেচের অভাবে বোরো মৌসুমে চাষ কম হয়। প্রস্তাবিত রাবারড্যাম হলে খাদ্যঘাটতি থাকবে না। এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’ চরম্বা রাবারড্যাম প্রকল্পে উপকারভোগীদের নিয়ে গঠিত সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘রাবারড্যাম হওয়ার আগে বেশির ভাগ জমিতে চাষ হতো না। দারিদ্র্য ছিল মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে এ অবস্থা পাল্টে গেছে।’ সমিতির সাধারণ সম্পাদক খোকনচন্দ্র দাশ বলেন, বোরো চাষ বাড়ায় এলাকার মানুষের আয় বেড়েছে। আর্থিক সচ্ছলতা বাড়ায় লোকজন তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন। রাবারড্যাম বহুমুখী প্রভাব ফেলছে স্থানীয় মানুষের জীবনে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী এস এম রাশেদুর রহমান জানান, রাবারড্যামের মাধ্যমে টংকাবতী খালের পানি ধরে রাখা সম্ভব হচ্ছে। ভূপৃষ্ঠের পানি ব্যবহারের মাধ্যমে বোরো ও রবিশস্যে সেচসুবিধা এবং খরার সময় আমন উত্পাদন বাড়াতে সম্পূরক সেচ সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে কৃষকেরা বিপুল উত্সাহে চাষ করছেন।চাষিরা জানান, আগে একর প্রতি সেচ খরচ লাগত পাঁচ হাজার টাকা। রাবারড্যাম হওয়ায় তা নেমে এসেছে দুই হাজার টাকায়। ফলে ৩৯২ হেক্টর থেকে বেড়ে এক হাজার হেক্টরে বোরো চাষ হচ্ছে। জানা যায়, চরম্বা রাবারড্যাম সেচব্যবস্থা পরিচালনার জন্য উপকারভোগী ৫৬৫ জন সদস্য নিয়ে দুই স্তরের একটি সমবায় সমিতি গঠন করা হয়েছে। কমিটির মূল দায়িত্ব হচ্ছে পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, রাবারড্যাম রক্ষণাবেক্ষণে ফি আদায়, মাছচাষ ও বাঁধের তদারকি করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ বলেন, ‘আরও দুটি রাবারড্যাম হলে খাদ্যঘাটতি বহুলাংশে হ্রাস পাবে। প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।’