পাঁচ জেলায় পরীক্ষার্থী ৪৮ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ মঙ্গলবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রায় ৪৮ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় পাঁচ হাজার। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে ইতিমধ্যে। বোর্ডের বিশেষ দলসহ পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে নিয়োজিত থাকবে ৪৬টি পর্যবেক্ষক (ভিজিলেন্স) দল। বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার ৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৮৭টি কলেজ থেকে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৯৪৫ জন। আগের বছরে ছিল ২১ হাজার ৪৪ জন। মানবিক বিভাগ থেকে ১৫ হাজার ২০৩ জন অংশ নেবে। গত বছর অংশ নেয় ১৩ হাজার ৫১৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেবে আট হাজার ৯৫৭ জন, আগের বছর ছিল আট হাজার ৭৩৩ জন। অপর দিকে, গার্হস্থ্য অর্থনীতি থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ জন। এবার মোট ৪৮ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর অংশ নিয়েছে ৪৩ হাজার ৩০৮ জন। এবারে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে চার হাজার ৮১৫ জন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিযূষ দত্ত প্রথম আলোকে জানান, ‘আমরা পরীক্ষাকেন্দ্র ও এর আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেছি। এ ছাড়া পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে ৪৬টি পর্যবেক্ষক দল নিয়োজিত থাকবে। এর মধ্যে বোর্ডের কর্মকর্তা ও কলেজ শিক্ষকদের নিয়ে ১০ সদস্যের বিশেষ দল এবং ৩৬ সদস্যের সাধারণ দল পরীক্ষা চলাকালীন নিয়মিত দায়িত্ব পালন করবে।’