পাঁচ তরুণীর সাফল্যগাথা

পণ্য পরিবহনে পাটের কনটেইনার। শুনেই চোখ কপালে উঠল! ওঠার কথা। কারণ, এ তো বিস্ময় বটে। কনটেইনার হবে স্টিলের। মজবুত, টেকসই। সেখানে পাটে কীভাবে ভরসা? পাঁচ তরুণী: তাসনিয়া যাহির, নাজিহা ইফরাত, ফাহিমা হারুন, ফাতেমা মুনির ও জাহিদা করিম সেই পথ বাতলে দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর এই ছাত্রীরা পেয়েছেন তাঁদের আইডিয়ার স্বীকৃতিও। তাঁরা ২ জুলাই ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সামাজিক ব্যবসা পরিকল্পনা প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন। স্বপ্ন এখন পাটের কনটেইনারে বিশ্বজয়ের।
১০ জুলাই প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে কথা হয় স্বপ্নবাজ এই পাঁচ তরুণীর সঙ্গে। শুরুতেই প্রশ্ন, পাটের কনটেইনারে কীভাবে পণ্য পরিবহন হবে? মুখ খুললেন জাহিদা করিম। মনে হলো এই প্রশ্নের অপেক্ষায় ছিলেন। বললেন, স্টিলের কনটেইনারে যে পরিমাণ পণ্য পরিবহন করা যায় এটিতেও তা সম্ভব। প্রতিটি ২০ ফুটের কনটেইনার স্টিলের চেয়ে হালকা হওয়ায় খুব সহজেই বহন করা যাবে। এতে খরচও হবে অনেক কম। একটি স্টিলের কনটেইনার তৈরিতে খরচ পড়বে এক লাখ ৭০ হাজার টাকা, আর এটিতে খরচ হবে এক লাখ টাকা। তা ছাড়া এটি ওঠানো-নামানোতে সময় খুব বেশি লাগবে না। পাট দিয়ে তৈরি হওয়ায় গতানুগতিক কনটেইনারের চেয়ে এটি হবে পরিবেশবান্ধব। কারণ, ব্যবহার অনুপযোগী হলে সেটি একসময় মাটির সঙ্গে মিশে যাবে।
জাহিদার কথা শেষ হতেই ফ্লোর নিলেন ফাতেমা মুনির। বললেন, আমাদের দেশে পাট সহজলভ্য। কাঁচামাল নিয়ে ভাবতে হবে না। তা ছাড়া পাটের সুদিনও ফিরবে। কনটেইনারের অবয়ব নির্মাণ করা হবে পাট দিয়ে। তবে ভেতরে কিছু অংশ ধরে রাখার জন্য অল্প সংখ্যক স্টিল থাকবে। পাটাতন থেকে শুরু করে যেসব স্থানে কাঠের ব্যবহার হতো সেখানে কাঠের পরিবর্তে ব্যবহার হবে শুধুই পাট। এতে ওজনে হালকা হবে। আনা–নেওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে সুবিধা। সবচেয়ে বড় ব্যাপার বাংলাদেশের কনটেইনারের বাজার বিদেশনির্ভর, এটি তৈরি হবে দেশেই।’
খরচ কম, বহনে সহজ—একেবারে ষোলো আনা। কিন্তু বর্ষায় এই কনটেইনারে পণ্য পরিবহনে ঝুঁকি থাকবে? ‘পাট প্রক্রিয়াজাত করার সময়ই বৃষ্টির পানি শুষে নেওয়ার ক্ষমতাসম্পন্ন করা হবে। তাই বর্ষাকালেও এতে পণ্য পরিবহনে কোনো সমস্যা হবে না।’ বললেন তাসনিয়া যাহির।
এবার একটু শুরুর দিকে আসি? এই আইডিয়া প্রথম কার মাথা থেকে এসেছে? জবাবে ফাহিমা হারুন শোনালেন আরেক কাহিনি: ‘আমরা প্রতিযোগিতায় অংশ নিতে আরেকটি বিষয় ঠিক করেছিলাম। হঠাৎ করে তাসনিয়া ও নাজিহার কথায় প্ল্যান পরিবর্তন হয়েছে। তাঁরা আমাদের সব তথ্য-উপাত্ত দিয়ে বোঝাল পাটের কনেটেইনারের ব্যবসার নানা দিক। আমাদের কাছেও বিষয়টা বেশ মনে ধরে। এরপর সবাই মিলে শুরু করলাম প্রকল্প তৈরির কাজ। এদিকে হাতে সময় ছিল কম। তারপরও আমরা পেরেছি। আশা করছি ভবিষ্যতেও পারব।’
শিক্ষার্থীরা জানান, এ প্রতিযোগিতায় সারা দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দল।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। তাঁর হাত থেকে পুরস্কার নিতে পেরে আনন্দিত ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই মুহূর্তের কথা উঠতেই সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। সমস্বরে সবার উত্তর, এটা অনেক বড় পাওয়া। কাজের স্বীকৃতির স্মারক নিয়েছি নোবেল বিজয়ীর কাছ থেকে।
ফাহিমা হারুনের কাছে এর ব্যাখ্যা আরও বিস্তৃত। তাঁর মতে, তরুণদের মধ্যে সম্ভাবনা আছে। দরকার শুধু সঠিক রাস্তাটা চিনিয়ে দেওয়া। দিকনির্দেশনা পেলে লক্ষ্যে সে পৌঁছবেই।