নামী বাবুর্চি, দামি কাঠের বাথটাব আর ফায়ারপ্লেসের আরামদায়ক উষ্ণতা। সব মিলিয়ে পাঁচ তারকা মানের সেবা। তবে এসব বন্দোবস্ত কোনো হোটেলের নয়, জাপানি বিলাসবহুল ট্রেনের স্যুইটে। নাম তার শিকি-শিমা।
দুরন্তগতির ‘শিনকানসেন’ বুলেট ট্রেনের জন্য জাপানের খ্যাতি আগে থেকেই আছে। এবার তাতে সবচেয়ে বিলাসবহুল ভ্রমণের আয়োজন করেছে কর্তৃপক্ষ। শিকি-শিমায় চার দিন তিন রাতের অতুলনীয় অভিজ্ঞতা নিতে চাইলে যাত্রীদের জনপ্রতি সাড়ে আট হাজার মার্কিন ডলার গুনতে হবে।
ট্রেনটিতে সব মিলিয়ে ১০টি বগি আছে। বাইরের দৃশ্য দেখার সুবিধার্থে তাতে জানালার কাচগুলো বিশাল। চাহিদা অনুযায়ী বাবুর্চিরা যাত্রীদের সুস্বাদু সব মৌসুমি খাবার পরিবেশন করবেন।
নৈশভোজের পর সবাই মিলে পানীয়সহযোগে পিয়ানোর সুর শুনতে পাবেন। ফায়ারপ্লেসের পাশে বসে উষ্ণতা নেওয়ার সুযোগ তো থাকছেই। এই ট্রেনযাত্রা টোকিও থেকে শুরু হয়ে জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপ হোক্কাইডোতে গিয়ে শেষ হয়। ফিরতি ট্রেনও আছে। উদ্বোধনী পর্যায়ে গত সোমবার ট্রেনটি ৩৩ জন যাত্রী নিয়ে যাত্রা করে সফলভাবে গন্তব্যে পৌঁছেছে।
কর্তৃপক্ষ জানায়, টিকিটের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও যাত্রীর কমতি নেই। ইতিমধ্যে আগামী বছরের মার্চ পর্যন্ত সব টিকিট বুকড হয়ে গেছে।
শিকি-শিমা ছাড়াও জাপানে বিলাসবহুল ট্রেন আছে। ২০১৩ সালে কিয়ুশু রেলওয়ে তাদের ‘সাত তারকা’ মানের সেবা শুরু করে। এই ট্রেনের ভেতরে পিয়ানো, পানশালা, বিলাসবহুল স্যুইট কোনো কিছুরই কমতি নেই। আর ওয়েস্ট জাপান রেলওয়ে কর্তৃপক্ষ আগামী জুনে ঘুমানোর উপযোগী অত্যাধুনিক ‘টোয়াইলাইট এক্সপ্রেস মিজুকাজে’ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে।