পাঁচ তারকা হোটেলের চার পদ
ঈদের দিন অতিথি আপ্যায়নে ভিন্ন কিছু না হলে কি চলে! আর তা যদি হয় একেবারে পাঁচ তারকা হোটেলের রেস্তোরাঁর খাবারের পদ, তাহলে তো কথাই নেই। ঘরে বসেই তৈরি করতে পারেন এসব খাবারের পদ। রেসিপি দিয়েছেন পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউয়ের এক্সিকিউটিভ সু শেফ ইরফান হোসাইন
গরুর মাংসের তেহারি
উপকরণ: গরুর মাংস দেড় কেজি, বাসমতি চাল ৬০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১৫০ গ্রাম, আদা বাটা ১৫০ গ্রাম, রসুন বাটা ১০০ গ্রাম, জিরা বাটা ৫০ গ্রাম, কাঁচা মরিচ ২০ পিস, মিক্সড গরম মসলা ৩০ গ্রাম, লবণ পরিমাণমতো, তেল ৩০০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, আলু বোখারা ৬ পিস, কিশমিশ ২০ পিস, গুঁড়া দুধ ১০০ গ্রাম, টকদই ১৫০ গ্রাম ও গরম পানি ১ লিটার।
প্রণালি ১: প্রথমে গরুর মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর লবণ, আদা বাটা, রসুন বাটা, টকদই, গরম মসলা, পেঁয়াজ কুচি এবং জিরা বাটা দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখতে হবে। এরপর একটি গরম পাত্রে পরিমাণমতো তেল দিয়ে মাংস আধা আঁচে কষাতে হবে আধা ঘণ্টা। এরপর পরিমাণমতো পানি ও কাঁচা মরিচ দিয়ে ৪৫ মিনিট ঢেকে রাখুন। এরপর মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে নামিয়ে রাখুন।
প্রণালি ২: চাল ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি গরম পাত্রে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং গরম মসলা ছেড়ে দিন। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে এর মধ্যে শুধু চাল ছেড়ে দিন। চাল একটু ভাজা ভাজা হলে তার মধ্যে ১ লিটার গরম পানি এবং গুঁড়া দুধ, আলু বোখারা এবং কিশমিশ ছেড়ে দিন। পানি ফুটতে থাকলে এবার রান্না করা গরুর মাংস ছেড়ে দিন চালের মধ্যে। এরপর চাল ও পানি যখন সমপরিমাণে চলে আসবে, তখন ওপরে ঘি দিয়ে ঢেকে দিন এবং আঁচ একদম কমিয়ে রাখুন। ১০ মিনিট পর তৈরি হবে সুস্বাদু গরুর মাংসের তেহারি। পেঁয়াজ ভাজা, কাজুবাদাম ভাজা এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করতে পারেন।