কক্সবাজারের টেকনাফ উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশু মারা গেছে।টেকনাফ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মুরাদ খান ২৫ নভেম্বর প্রথম আলোকে জানান, ‘গত কয়েক দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৮২ রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছে। এর বাইরেও প্রায় দেড় শতাধিক রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।’তিনি আরও জানান, আক্রান্ত রোগীদের অধিকাংশ শিশু। ডায়রিয়া-আক্রান্ত রোগীদের দুটি আলাদা কক্ষে রাখা হয়েছে। তবে রোগী বেড়ে যাওয়াতে স্থান সংকুলান হচ্ছে না। রোগীর সংখ্যা বাড়লেও নিউমোনিয়া ও ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ২৫ নভেম্বর শুক্রবার উপজেলার পৌর এলাকার পুরান পল্লানপাড়ার বাসিন্দা গুরা মিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত শিশুপুত্র বাবুলকে (চার মাস) কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অপরদিকে, ২২ নভেম্বর মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের নজির আহমদের শিশুপুত্র বদিউল আলম (সাত মাস) হাসপাতালে আনার পথে মারা যায়। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এখন ঋতু পরিবর্তন হচ্ছে। শীতের পাশাপাশি গরমও অনুভূত হচ্ছে। এ কারণে ডায়রিয়া বাড়ছে। শীত ও গরমের মিশ্র প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শরীরের ঘাম থেকে শিশুদের ঠান্ডা লেগে যাচ্ছে। এর থেকে অনেকেরই নিউমোনিয়া হচ্ছে। এসব রোগে আক্রান্ত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনে বেশ কিছু নিউমোনিয়া ও ডায়রিয়া- আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।’