পাঁচ দিনে ৪০ কোটি টাকার আয়কর জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আয়কর মেলায় প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে নতুন করদাতাদের কাছ থেকে পাওয়া গেছে প্রায় ৫৩ লাখ টাকা। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত আয়কর মেলা শেষে গত বৃহস্পতিবার রাতে মেলার তথ্য সেল থেকে এ কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত রোববার থেকে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করে। প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে একযোগে এ ধরনের মেলার আয়োজন করা হয় বলে জানা গেছে। জানতে চাইলে আয়কর মেলা উদ্যাপন কমিটির সভাপতি কর কমিশনার রামেন্দ্রচন্দ্র বসাক প্রথম আলোকে বলেন, ‘মেলার শুরুর দিন থেকে শেষপর্যন্ত আমরা ভালো সাড়া পেয়েছি। এমনকি মেলার বাইরে আমাদের কার্যালয়ে এসেও আয়কর জমা দিয়েছেন অনেকে। বিশেষ করে নতুন করদাতাদের অংশগ্রহণ প্রমাণ করে এ ব্যাপারে সচেতনতা বেড়েছে।’ শেষ দিন মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণ ছিল অভাবনীয়। মেলা নিয়ে প্রায় সবার মধ্যেই দেখা গেছে ইতিবাচক মনোভাব। কর আদায়ের এ নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। মেলা কমিটি সূত্রে জানা যায়, পাঁচ দিনব্যাপী মেলায় আয়কর বিবরণী জমা দিয়েছেন ২৩ হাজার ৫০২ জন। এ সময়ে রাজস্ব আয় হয়েছে ৪০ কোটি ১২ লাখ ২১ হাজার ৮২৪ টাকা। এর মধ্যে নতুন করদাতা ছিলেন ২১ হাজার সাতজন। আর তাঁদের কাছ থেকে রাজস্ব আদায় করা হয়েছে ৫৩ লাখ ৭৯ হাজার ৭৭৫ টাকা। মেলায় তথ্যকেন্দ্র, সহযোগী (হেল্প) ডেস্ক, জনতা ও সোনালী ব্যাংকের অস্থায়ী শাখাসহ ৪৯টি বুথ খোলা হয়। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর আদায় কার্যক্রম চলে। আয়করসংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও ছিল পাশাপাশি।মেলার চতুর্থ দিন বুধবার সকালে মেলা পরিদর্শনে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, অক্টোবর থেকে চট্টগ্রামে এবং কুমিল্লায় দুটি পৃথক করঅঞ্চল গড়ে তোলা হবে। আগামী বছর থেকে দেশের ছয়টি বিভাগে মেলা আয়োজনের ঘোষণাও দেন তিনি।