পাঁচ দিনে ৮৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত পাঁচ দিনে চট্টগ্রাম থেকে বাড়ির পথে রওনা হওয়া ৮৫ হাজার যাত্রী পরিবহন করবে রেলওয়ে। এবার ঈদে ৭৪৬ আসনের নতুন আন্তনগর রেলওয়ের বহরে যুক্ত হওয়ায় যাত্রী পরিবহনক্ষমতা বেড়েছে। এ জন্য ঈদযাত্রা স্বস্তির হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট না থাকায় স্বস্তির আশ্বাস মিলেছে বাসমালিকদের কাছ থেকেও।

 বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এবার ঈদ উপলক্ষে আজ ৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন গড়ে ১৭ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১০টি আন্তনগর এবং সাতটি মেইল ও এক্সপ্রেস ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হবে। যাত্রীর চাপের কথা বিবেচনা করে চট্টগ্রাম থেকে প্রতিদিন বেলা সাড়ে ১১টা ও সাড়ে তিনটায় চাঁদপুরগামী বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

রেলের একাধিক কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে মাঝপথের গন্তব্যের টিকিটের চাহিদা এবার সবচেয়ে বেশি ছিল। বিশেষ করে ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবের আগাম টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাওয়ার আন্তনগর সুবর্ণ, সোনার বাংলা ও গোধূলি ট্রেনের কিছু টিকিট অবিক্রীত রয়ে গেছে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদ উপলক্ষে চট্টগ্রাম ও ঢাকার মাঝপথের স্টেশনের টিকিটের চাহিদা সব সময় বেশি থাকে। কাউন্টারে এসব গন্তব্যের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। আর যাত্রার আগ মুহূর্তে দাঁড়িয়ে যাওয়ার টিকিট ছাড়া হবে। তবে ১০, ১১ ও ১২ সেপ্টেম্বর তারিখে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার কিছু টিকিট অবিক্রীত রয়ে গেছে।’

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারণের কাজ শেষ হওয়ায় সড়কপথে এবার যাত্রীদের ভোগান্তি কম হবে বলে আশা করছেন বাসমালিকেরা। ঢাকা-চট্টগ্রাম রুটের বিলাসবহুল গাড়িগুলোর আসনও খালি রয়েছে বলে কাউন্টারের বিক্রয়কর্মীরা জানিয়েছেন। তবে মাঝপথ

বিশেষ করে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চাপ বেশি থাকে। এই বাসগুলোর আগাম টিকিট বিক্রি হয় না। কাউন্টারে যাত্রার আগে টিকিট সংগ্রহ করে নিতে হয়।

দামপাড়া গ্রিন লাইন কাউন্টারের বিক্রয় কর্মী মো. সাদেকুর রহমান প্রথম আলোকে জানান, প্রতিদিন গ্রিন লাইনের নয়টি গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রী পরিবহন করছে। যেখানে আগে সাত থেকে আট ঘণ্টা সময় লাগত, সেখানে এখন মহাসড়ক সম্প্রসারিত হওয়ায় গন্তব্যে পৌঁছাতে লাগছে ছয় ঘণ্টা।

সাদেকুর আরও বলেন, ‘যাত্রীদের চাপের ওপর নির্ভর করছে গাড়ির সংখ্যা বাড়ানো। চাপ থাকলে আমরা আরও দুই থেকে তিনটি গাড়ি বাড়িয়ে দেব।’

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ঈদের আগে চট্টগ্রাম থেকে প্রতিদিন ৮০০ বাস আন্তজেলার ২৮টি রুটে যাত্রী পরিবহন করবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারণ কাজ সম্পন্ন হওয়ায় নির্বিঘ্নে যাত্রী পরিবহন করা যাবে। বিশেষ করে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর একেকটি গাড়ি দুই থেকে তিনবার যাত্রী নিয়ে যেতে পারবে, যা আগে একবারের বেশি সম্ভব ছিল না।