পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্নি আক্তার
মুন্নি আক্তার

সীতাকুণ্ডের ইকোপার্কে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণী খুনের ঘটনায় পাঁচ দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত শুক্রবার রাতে এই তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তরুণীর নাম মুন্নি আক্তার। তাঁর মা থাকেন পটিয়ায় মামার বাড়িতে। তবে তাঁদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বাবা আবুল কালাম সেখানেই থাকেন। মুন্নি নগরে এক আত্মীয়ের বাসায় থেকে খুলশী এলাকার পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারকৌশল বিভাগে পড়াশোনা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করতেন।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ক্লাস শেষের পর তাঁর হদিস পাচ্ছিলেন না মা হাসনা বেগম। ওই দিন প্রচণ্ড ঝড়বৃষ্টি হয়েছিল। ওই রাতেই তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশ। অজ্ঞাত হিসেবে থানার উপপরিদর্শক সুজয় মজুমদার একটি হত্যা মামলা করেন।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে জানান, মুন্নির খুনের তদন্ত চলছে। তবে বলার মতো কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘মুন্নির সঙ্গে কার যোগাযোগ ছিল এবং কার সঙ্গে তিনি কথা বলেছেন তা আমরা যাচাই করে দেখছি। তদন্তে অগ্রগতি হলে আসামি গ্রেপ্তার করব।’ মোস্তাফিজুর রহমান আরও জানান, মেয়েটিকে পৈশাচিক কায়দায় খুন করা হয়েছে। ঘটনাস্থলের আলামতে বোঝা যাচ্ছে মেয়েটি বাঁচার জন্য দৌড়ঝাঁপও করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে খুন করে লাশ পাশে পাহাড়ের ঢালুতে ফেলে দেওয়া হয়।
মুন্নির বাবা আবুল কালামের ধারণা, শত্রুতাবশত মুন্নি খুন হতে পারেন। এক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল তাঁদের। সেই বিরোধের কারণে মুন্নিকে খুন করা হতে পারে। তাঁর এই অভিযোগ পুলিশকে জানানো হয়েছে কি না—জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘পুলিশকে জানানো হয়েছে। তারা তাদের মতো তদন্ত করছে। তবে আমরা মেয়ের হত্যাকারীদের বিচার চাই।’
এদিকে গতকাল দুপুরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের শনাক্ত করার কাজ চলছে।