নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধন ও চেম্বারের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে পাঁচ দিনের উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ব্যবসা–বিষয়ক সম্মেলন, যুব সম্মেলন, সেমিনার এবং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য–বিষয়ক বিশেষ প্রদর্শনী। চট্টগ্রাম চেম্বার এসব অনুষ্ঠানের আয়োজন করেছে।
উৎসবের প্রথম দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বন্দর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শীর্ষক বিশেষ প্রদর্শনী। আয়োজক কমিটির চেয়ারম্যান সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে বলেন, একসময় ব্যবসা-বাণিজ্যের জন্য চট্টগ্রামে এসেছিলেন পর্তুগিজ, আরব, ওলন্দাজ, চীনা ও ব্রিটিশরা। এই প্রদর্শনীতে বিদেশি বণিকদের চট্টগ্রামে আগমনের ইতিহাস তুলে ধরা হবে।
উৎসবের দ্বিতীয় দিন থাকছে পর্যালোচনা পর্ব।
তৃতীয় দিন শনিবার বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব বাণিজ্যকেন্দ্র উদ্বোধন করবেন। একই সঙ্গে কেন্দ্রের বঙ্গবন্ধু কনফারেন্স হলও উদ্বোধন করবেন তিনি। ঘুরে দেখবেন স্থায়ী প্রদর্শনী কেন্দ্র। উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামে আসছেন বিশ্ব বাণিজ্যকেন্দ্র সমিতির নেতারা।
চতুর্থ দিন রোববার সকাল সাড়ে ১০টায় হোটেল রেডিসন ব্লুতে আন্তর্জাতিক ব্যবসা–বিষয়ক সম্মেলন ও বেলা তিনটায় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ১ ফেব্রুয়ারি রাঙামাটিতে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক পর্যটন সম্মেলনের। সম্মেলন শেষে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।