পাঁচ পদের চারটিই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অনুমোদিত পাঁচটি পদের মধ্যে একজন উচ্চমান সহকারী ছাড়া আর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। দীর্ঘদিন ধরে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, হিসাবরক্ষক এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদও শূন্য। এ অবস্থায় বিভিন্ন বিদ্যালয়ের সংস্কারকাজ, প্রাক্কলন তৈরি, শিক্ষকদের ছুটি মঞ্জুর, বিদ্যালয় পরিদর্শনসহ দাপ্তরিক কাজে জটিলতা দেখা দিয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও হতাশা।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকছড়ি উপজেলায় ২৫টি সরকারি, ১৩টি নিবন্ধিত (রেজিস্টার্ড) বেসরকারি, পাঁচটি কমিউনিটি, পাঁচটি কিন্ডারগার্ডেন, আটটি ব্র্যাক পরিচালিত ও পাঁচটি কারিতাস পরিচালিত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বিদ্যালয়ে পরিদর্শন ও দাপ্তরিকসহ বিভাগীয় গুরুত্বপূর্ণ কাজ তদারকির জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পদের লোকবলের নিয়মিত উপস্থিতি প্রয়োজন। কিন্তু মানিকছড়িতে ২০০৩ সালের মে থেকে কার্যালয় সহকারী, ২০০৮ সালের ৬ জুন থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীর পদ শূন্য। গত বছর ১৪ মে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সংরী মগ দীঘিনালা উপজেলায় বদলি হন। সর্বশেষ উপজেলা শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী পদোন্নতিজনিত বদলি হন গত ১০ ফেব্রুয়ারি। এরপর নতুন কোনো কর্মকর্তা যোগ না দেওয়ায় দাপ্তরিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। বর্তমানে একমাত্র কর্মরত উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক মাহবুব আহমদ বলেন, ‘দীর্ঘ ১৩ বছর ধরে কার্যালয় সহকারী হিসেবে কাজ করছি। বর্তমানে মাটিরাঙা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হামিদুর আলম মানিকছড়ির অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়নি। গত ফেব্রুয়ারি ও মার্চে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বিশেষ ব্যবস্থায় দেওয়া হলেও এপ্রিলের বেতন-ভাতা দেওয়ার ব্যাপারে অচলাবস্থা দেখা দিয়েছে।’ সূত্র জানায়, কর্মকর্তা না থাকায় ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের সনদ তৈরি ও বিতরণ, ২০০৯-১০ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার ও মেরামত খাতে বরাদ্দ অর্থের ব্যবহার, রেজিস্টার্ড প্রাথমিক ও কমিউনিটি বিদ্যালয়ের জন্য প্রাক্কলন প্রণয়ন, কার্যাদেশ প্রদান, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের ছুটিসহ দাপ্তরিক কাজ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছে। এ ব্যাপারে মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান এমএ জব্বার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবলসংকট দূর করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মহিউদ্দিন কবির বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে কর্মকর্তা না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ায় গুণগত মানোন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই যথাসম্ভব তাড়াতাড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ শূন্য পদগুলো পূরণ করা দরকার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ জানান, শিক্ষকদের অগ্রিম ঋণ, নতুন কাঠামোয় বেতন-ভাতা, ক্ষুদ্রঋণ, ভোগ্যপণ্য ঋণ এবং ছুটিসহ গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে আছে। এক বছর বিদ্যালয়গুলো পরিদর্শন বন্ধ রয়েছে। জরুরি ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দিয়ে শিক্ষা বিভাগকে বাঁচিয়ে রাখার দাবি জানান তিনি।