পাঁচ পরিবারে বেঁচে আছেন শুধু একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইগার পাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাশের সারি। শুরুতে এক মা ও তাঁর তিন শিশুসহ চার সন্তান। সারি সারি মৃতদেহগুলো কেন জানি অচেনা মনে হচ্ছে রিকশাচালক বাচ্চু মিয়ার। লাশের সারির পাশে দাঁড়ানো বাচ্চু নির্বাক। স্বজনদের এত কাছে তিনি, তবুও একটি শব্দ বের হচ্ছে না তাঁর মুখ থেকে। ঠিক চিরনিদ্রায় থাকা পাঁচ স্বজনের মতো। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল বাচ্চুর মতো পুরো এলাকা। বৃষ্টির হিমশীতলতার মতো মৃত্যু হানা দিয়েছে বাটালি হিলের ঢালে বসবাসরত পাঁচটি পরিবারে। নিম্নবিত্ত এই পাঁচটি পরিবার একেবারে নিশ্চিহ্ন। ১৭ জন নিহত। এমনই নিশ্চিহ্ন যে মরদেহ গ্রহণ করার স্বজন খুঁজে পাওয়াও দুষ্কর। স্থানীয় জেলা প্রশাসক ফয়েজ আহমদও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ‘কয়েকটি পরিবার রয়েছে, মরদেহ গ্রহণ করার মতো নিকট আত্মীয়ও পাওয়া যাচ্ছে না।’ এ পাঁচ পরিবারের মধ্যে বেঁচে আছেন কেবল বাচ্চু মিয়া। তাঁর বড় মেয়ে শারমিন। শারমিনের কথা উঠতেই নির্বাক বাচ্চুর স্বজন হারানো ব্যথা জেগে উঠল।‘আমার মেয়েটার বিয়ে হলো মাত্র কিছুদিন হয়। কিন্তু সে বাড়িতে এলো। দুইটা ভালো-মন্দ খাওয়াতেও পারলাম না।’ বলে গেলেন অশ্রুহীন বাচ্চু মিয়া। অষ্টাদশী শারমিনের বিয়ে হয়েছে মাত্র ১৫ দিন আগে। বিয়ের পর এই প্রথম গত বৃহস্পতিবার বাপের বাসায় এসেছিলেন শারমিন। বরের সঙ্গে বাটালি হিলের বাসায় এলেও বর পরে চলে যান। শারমিন আর কোনোদিন বরের বাসায় ফিরবেন না। শুক্রবার মা ভাই-বোনদের সঙ্গে তিনিও এখন না ফেরার দেশে। শারমিনদের এমন পরিণতিতে প্রতিবেশীরাও কেঁদেছেন। বিদ্যালয়ে জমা করা সারি সারি লাশগুলো দেখে চোখের পানি ফেলেছেন অনেকে। এ সারির ১৫ জনই নারী ও শিশু। বাবুর্চির সহকারী শফির কাহিনি তো আরও করুণ। রাতে বিয়েবাড়িতে কাজ শেষ করে ভোরে ভোরে বাসায় ফিরছিলেন তিনি। বাসায় এসে স্ত্রী মিনু, ছেলে মিনহাজ, মেয়ে সোনিয়া ও সনিসহ চা খাচ্ছিলেন। এমন সময় প্রতিরক্ষা দেয়ালটা এসে পড়ল তাঁদের ওপর। প্রতিবেশী পাখি বেগম বলেন, ‘ওরা সবাই চা খাচ্ছিল। যখন দেয়ালটা আসতে দেখলাম তখন আমি চিৎকার করতে লাগলাম। কিন্তু কেউ বের হতে পারল না।’ উদ্ধার করা মরদেহও তাঁর বক্তব্যের স্বপক্ষে সাক্ষ্য দেয়। শফিদের চারজনের মরদেহ মিলেছে একই স্থানে জড়াজড়ি অবস্থায়। রিকশাচালক আমজাদের স্ত্রী রাজিয়া ও মেয়ে শারমিনের লাশও মিলেছে জড়াজড়ি অবস্থায়। এমন পরিণতি থেকে রেহায় পায়নি আমজাদও। আর দুই স্বামী পরিত্যক্তা নারী হোসনে আরা ও রাজিয়া বেগমের পরিবারও নিশ্চিহ্ন। হোসনে আরার ছেলে সাজ্জাদ ও মেয়ে শাহেদাসহ এখানেই ধ্বংসস্তুপে চাপা পড়েন। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার ভোর পাঁচটা ২৫ মিনিটে তাঁর লাশ উদ্ধার হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার হয় তাঁর দুই সন্তানের মরদেহ। রাজিয়া বেগমের সংসার চলত অন্যের বাসায় কাজ করে। সংসার বলতে নিজে আর একমাত্র বাক্প্রতিবন্ধী মেয়ে শাহীনুর। শাহীনুরের প্রাণহীন দেহ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় শুক্রবার রাত একটার দিকে। আর পুরো শনিবার সকাল আটটায় দেখা মেলে মা রাজিয়ার। তিনি এবারের শবমিছিলের সর্বশেষ প্রতিনিধি।