পাঁচ পাণ্ডবের ‘স্বপ্নবাজ’
পার্থ, প্রীত, খালেদ, ফামিন আর জয়। স্বপ্নের কারিগর এই পাঁচ তরুণের ঐকান্তিক চেষ্টার ফল ‘স্বপ্নবাজ’। ঢাকা বিশ্ববিদ্যালয়-লাগোয়া শাহবাগের আজিজ সুপার মার্কেটে টি-শার্টের ভিন্নধর্মী এক ফ্যাশন হাউস। বসন্তের এক বিকেলে টিএসসিতে বসে তুমুল আড্ডা হলো এই পঞ্চপাণ্ডবের সঙ্গে। তাঁদের মধ্যে প্রীত ঢাকা বিশ্ববিদ্যলয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী, বাকিরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের।স্মৃতি হাতড়ে স্বপ্নবাজের শুরুর দিকের কথা বলছিলেন জয়। সময়টা ২০০৬। আধুনিক ভাষা ইনস্টিটিউটে কোর্স করতে গিয়ে পরিচয়, সেখান থেকে বন্ধুত্বে রূপ নেয় আমাদের সম্পর্ক। আর তারপর থেকেই সৃষ্টিশীল কিছু একটা করার তাগিদ বোধ করতে থাকি আমরা। এর এভাবেই জন্ম নেয় ‘স্বপ্নবাজ’-এর ভ্রূণ। খালেদ বলেন, ‘একবারে শুরুর দিকে ব্যানারের কাজ, বিভিন্ন ম্যাগাজিন বা বইয়ের প্রচ্ছদ তৈরির কাজ করতাম আমরা। কিন্তু এতে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছিলাম না।’ আর পার্থ বলেন, ‘আমরা সবাই যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, তাই প্রথমে ছোট পরিসরে কিছু একটা করতে চেয়েছি।’ মাঝপথে যোগ দিয়ে আড্ডায় নতুন মাত্রা যোগ করেন অর্থনীতির প্রীত। বলেন, ‘চিন্তা ছিল যা-ই করি তা হতে হবে উত্পাদনশীল।’ প্রীতকে থামিয়ে দিয়ে খালেদ বলেন, ‘তবে প্রথাগত ধ্যান-ধারণার বাইরের থাকতে চেয়েছি।’‘স্বপ্নবাজ’ নামের প্রসঙ্গ আসতেই তাঁরা সমস্বরে বলেন, এ নামটির প্রতি আমাদের ভীষণ দুর্বলতা কাজ করেছে। আমরা তরুণেরাই তো স্বপ্ন বোনার কারিগর। আর যেহেতু সার্বক্ষণিকভাবে স্বপ্ন আমাদের চোখ-মুখে, তাই আমরা হয়ে গেলাম স্বপ্নবাজ পাঁচজনা। যখন এসব চিন্তা-ভাবনা চলছিল তখনই মাথায় এল টি-শার্টের কথা। এ প্রসঙ্গে জয় বলেন, তরুণদের মধ্যে টি-শার্টের ব্যাপারে রয়েছে দারুণ ক্রেজ। স্বপ্ল মূল্যে যদি রুচিশীল ও ব্যতিক্রমী টি-শার্ট আমরা বাজারে আনতে পারি, তাহলে আমাদের উদ্যোগ সফল হতে বাধ্য। তাই স্বপ্নবাজ হয়ে গেল টি-শার্টের দোকান। ফামিন বলেন, এখন অবশ্য টি-শার্টের পাশাপাশি পাঞ্জাবি ও ফতুয়াও এনেছি আমরা। আর ক্যাম্পাসের খুব কাছে হওয়ায় ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা সময় দিয়েছি এখানে। সবুজ টিএসটির মাঠে আড্ডা দিতে দিতে চা চলে আসে। গরম চায়ে চুমুক দিতে দিতে গান গেয়ে ওঠেন গায়ক জয়। আর গান গাইতে গাইতে বলেন, তারুণ্যের এই শক্তি কোনো বাধ মানে না। আমরা চেয়েছি সেই শক্তিকে কাজে লাগাতে।পারিবারিকভাবে কতটুকু সহযোগিতা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে তাঁরা সবাই বলেন, এ ব্যাপারে পূর্ণ সমর্থন ছিল পরিবারের পক্ষ থেকে। তবে জয় বলেন, স্বপ্নবাজ একেবারেই আমাদের নিজস্ব ভাবনা ও প্রচেষ্টার ফসল। এর মধ্যে মজা করে জয় বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে পাস করে শেষ পর্যন্ত গেঞ্জি বেচবি!’ স্বপ্নবাজের পোশাকের মধ্যে আলাদা কী বৈশিষ্ট্য আছে, এমন প্রশ্নের জবাবে নিজের পরিধেয় টি-শার্টটি দেখিয়ে জয় বলেন, ‘দেখেন, এই টি-শার্টের মধ্যে কিন্তু একটা মেসেজ আছে। মূলত দেশীয় সংস্কৃতির ব্যাপারে তরুণদের উত্সাহী করতে চাই আমরা।’ ফামিন বলেন, ‘কিছু কিছু টি-শার্ট বা ফতুয়ায় আমরা পশ্চিমা ধাঁচের সঙ্গে দেশীয় সংস্কৃতির মিশেল ঘটিয়ে থাকি। উদাহরণটা অবশ্য দেন পার্থ। মনে করুন একজন চে গুয়েভারার ছবিসংবলিত একটি টি-শার্ট পরেছে। তখন সে জানতে আগ্রহী হয়ে উঠবে কে এই ব্যক্তি? মেয়েদের পোশাক তৈরির ইচ্ছা আছে কি না সে ব্যাপারের প্রীত বলেন, মেয়েদের পোশাক তৈরির ঝক্কি অনেক বেশি। তাই এখনই ওদিকে যাচ্ছি না। তবে ভবিষ্যতে এ ব্যাপারের কাজ করার ইচ্ছা আছে আমাদের। পোশাকের ডিজাইনগুলো কিন্তু আমরা নিজেরাই করে থাকি। তবে মাঝেমধ্যে নতুনদেরও সুযোগ করে দিই। ফলে নতুনরাও এ ব্যাপারে উত্সাহী হচ্ছে বলে মনে করেন খালিদ।এই পাঁচ স্বপ্ন-বণিকের কিন্তু আলাদা কিছু পরিচয় আছে। জয় গান আর ‘স্বপ্নবাজ’কে নিয়ে বাঁচতে চান। তিনি বলেন, গান গেয়ে আর গেঞ্জি গেয়ে দিব্যি দিন কেটে যাবে আমার। লেন্সের ভেতর দিয়ে জীবনকে দেখেন প্রীত। অর্থাত্ তিনি একজন ফটোগ্রাফার। স্বপ্নবাজের বাইরে একটি দৈনিকে ফটোসাংবাদিকতার কাজ করেন তিনি। ফামিন আছেন একটি মোবাইল ফোন কোম্পানিতে। আর খালেদ কাজ করেন একটি সিকিউরিটি ফার্মে। আর এর পাশাপাশি স্বপ্নবাজ তো আছেই। জীবনের ফ্রেমে জীবন তো চলবেই। আর সে জন্য প্রয়োজন ভিত্তিভূমি। স্বপ্নবাজ আমাদের সেই ভিত্তি। আমরা পাঁচজন ২৫ জনের সমান। আর আমাদের সবকিছুই স্বপ্নবাজকে ঘিরে। এমন অভিব্যক্তি পার্থর। স্বপ্নবাজকে নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা কী? এর উত্তর মেলে পঞ্চস্বরে। তাঁরা বলেন, আমরা চাই স্বপ্নবাজকে বহুদূর এগিয়ে নিতে। শুধু আজিজ সুপার মার্কেট নয়, আমরা চাই বিদেশের মাটিতেও স্বপ্নবাজ আমাদের প্রতিনিধিত্ব করুক। স্বপ্নবাজকে আমরা রপ্তানিমুখী করতে চাই। সমপ্রতি আজিজেই ‘টেক্কা’ নামে নতুন একটি আউটলেট চালু করেছে স্বপ্নবাজ। এ ছাড়া এবারের বইমেলায় ‘আজব’ নামে নতুন একটি পাবলিশার্সের যাত্রা শুরু করেছে স্বপ্নবাজের স্বপ্ন-বণিকেরা। আড্ডার মধ্যে জয় আবার দেশের গান গেয়ে ওঠেন। দুই লাইন গেয়ে থমকে যান একটু। আমরা সব সময় সবকিছু রেডিমেড চাই। আমাদের তরুণদের উচিত সৃষ্টিশীল কিছু করা। আমাদের একটি স্বাধীন দেশ আছে, আর কী দরকার! হ্যাঁ, আর দরকার কোনো কিছু সৃষ্টি করার মনোবৃত্তি। এরই মধ্যে পার্থের মুঠোফোন বেজে ওঠে। বাকি চারজন মজা করে বলতে থাকেন, পার্থ তো এখন অন্য জগতের বাসিন্দা হয়ে যাবে সবকিছু ছেড়ে। কিন্তু কিছুক্ষণ বাদেই পার্থ ফিরে আসেন। ফিরে তো তাঁকে আসতেই হবে। কেননা স্বপ্নবাজ তো আশ্রয়স্থল। তাকে ফেলে কি থাকা যায়...।