পাঁচ পাহাড়ি বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ঘেরা ছোট্ট গ্রামটিতে তখন চলছে আলো-ছায়ার লুকোচুরি খেলা। সাদা মেঘের ভেলা পেরিয়ে শেষ বিকেলের আলো ছড়িয়ে পড়েছে সবখানে। কাজ শেষে আদিবাসী পুরুষ ও নারীরা ফিরছে ঘরে। উঁচু পাহাড়গুলোর মধ্যে যেন আকাশ ছোঁয়ার প্রাণান্ত চেষ্টা। কয়েক পোচ সাদার আঁচড় যেন সবাইকে জানিয়ে দিচ্ছে আবছা পাহাড়শ্রেণীর নীরব হাতছানির গল্প।রংতুলির মিশেলে চমৎকার এই পাহাড়ি দৃশ্য এঁকে যাচ্ছিলেন খাগড়াছড়ির ছেলে অং থোয়াই মারমা। চারুকলা অনুষদের বৈশাখ আয়োজনে অং থোয়াইয়ের সরাচিত্রগুলো যেন আদিবাসী ঐতিহ্য ও জীবনধারার প্রতিচ্ছবি।অং থোয়াই মারমা, শাপু ত্রিপুরা, সুদিনা রেমা, মং সাইংউ মারমা ও সৌনক চাকমা—সবাই চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।বাঙালি ঐতিহ্যের বৈশাখ বরণ যেমন তাঁদের মুগ্ধ করে, তেমনি আদিবাসী ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসব বৈসাবির আনন্দও ভরিয়ে তোলে তাঁদের মন। চৈত্র মাসের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন তাঁরা এ উৎসব পালন করে থাকেন। ত্রিপুরাদের বৈসুক, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু—এ নিয়েই আদিবাসীদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবের নাম বৈসাবি উৎসব। এবারই প্রথম পরিবার থেকে এত দূরে থাকতে হবে অং থোয়াইকে। ঢাকায় তাঁর এটাই প্রথম বর্ষবরণ। নতুন সংস্কৃতির উৎসব দেখার কৌতূহলে এবার ঢাকায় থেকে যাবেন অং। তা ছাড়া এখন তাঁর অনেক বাঙালি বন্ধু হয়ে গেছে। সেই সঙ্গে রয়েছে একজন আদিবাসী বন্ধু মং সাইংউ। শিল্পকলার ইতিহাস বিভাগের এ ছাত্র জানান, মাধ্যমিক শেষ করেই তাঁর ঢাকায় চলে আসা। ‘প্রথম প্রথম খুব মন খারাপ হয়েছিল বন্ধুদের ছেড়ে আসতে। সেই সঙ্গে আবহাওয়ার ভিন্নতা, খাবারের ধরনও ছিল কিছুটা ভিন্ন। তাই মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছিল।’ তবে এখন মানিয়ে নিয়েছেন মং। এখন তো বিরিয়ানি মংয়ের পছন্দের খাবারের তালিকার শীর্ষে। তবে রাঙামাটির ঐতিহ্যবাহী খাবার কচি বাঁশ-কুরল আর মাছের তরল শুঁটকি নাপ্পির স্বাদ সব সময়ই মনে পড়ে, জানালেন মং।গ্রাফিক ডিজাইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌনক চাকমা বলেন, ‘আমার বন্ধুরা আমাকে ভালো বাংলা বলতে শিখিয়েছে আর আমি তাদের শিখিয়েছি চাকমা ভাষা।’ সৌনকের সব বন্ধুই এখন অল্পস্বল্প চাকমা ভাষা জানেন।‘এবার বৈসাবিতে কার কী আয়োজন’ জানতে চাইলে সুদিনা বলেন, ‘চারুকলায় ভর্তির পর আর বৈসাবিতে বাড়ি ফেরা হয়নি। বরং চারুকলার বর্ষবরণে অংশ না নিতে পারলে মনে হয় যেন বর্ষবরণ অসম্পূর্ণ থেকে যাবে।’ তবে মৃদু আপত্তি জানান ভাস্কর্য বিভাগের শাপুর, ‘প্রতিবছরই বৈসাবির সময় মন দড়িছেঁড়া হয়ে পড়ে। তবে কোনো সরকারি ছুটি না থাকায় যাওয়া হয়ে ওঠে না।’ শাপুর দাবিতে সমর্থন জানান অন্যরাও। তাঁরা জানান, ছুটি থাকলে পরিবারের সঙ্গে বৈসাবি উৎসবটা পালন করা যেত।আদিবাসীদের প্রতিটি উৎসবই যে শাপুকে নাড়া দেয়, তা প্রমাণ করে তাঁর ভাস্কর্যগুলো। জন্ম, বিয়ে বা মৃত্যুকে কেন্দ্র করে আদিবাসীদের যে নানা ধরনের আচার-অনুষ্ঠান রয়েছে, শাপু সব সময়ই শিল্পকর্মে তা ফুটিয়ে তুলতে চান।তবে আদিবাসীদের নিয়ে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখে যাচ্ছেন সৌনক চাকমা। তিনি বলেন, ‘আদিবাসী ঐতিহ্য বা আচার উৎসবগুলো নিয়ে তো অনেক আঁকাআঁকি হলো, কিন্তু আদিবাসীদেরও রয়েছে নানা অতৃপ্তি। আর আমি আমার শিল্পকর্মে স্পষ্টভাবে তা ফুটিয়ে তুলতে চাই।’