পাঁচ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। অতি দ্রুত এ কমিটি গঠন করা হতে পারে দলীয় সূত্র নিশ্চিত করেছে। নতুন কমিটিতে স্থান করে নিতে সংশ্লিষ্ট নেতা-কর্মীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। সংগঠন সূত্র জানায়, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই নেতার সমর্থনপুষ্ট ছাত্রলীগের দুটি দল সক্রিয় রয়েছে ক্যাম্পাসে। এই দুই নেতা হলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং নগর কমিটির সদস্য আ জ ম নাছির উদ্দীন। সম্প্রতি দলে নতুন মেরুকরণের ফলে নগর আওয়ামী লীগে মহিউদ্দিন ও নাছির একত্রে কাজ করেছেন। সূত্রমতে, আওয়ামী লীগের দুই নেতার ওপর নির্ভর করছে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের বিষয়টি। এ নিয়ে গত মঙ্গলবার মহিউদ্দিন চৌধুরীর বাসায় কয়েক দফা বৈঠক হয়েছে। বৈঠকগুলোতে খুব দ্রুত কমিটি গঠনের ওপর জোর দেওয়া হয়।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এরশাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘কমিটি গঠন নিয়ে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছি। তিনি ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে অতি দ্রুত নতুন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন।’দলীয় সূত্র জানায়, সভাপতি-সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য দুই পক্ষের অন্তত ১২ নেতা-কর্মী বিভিন্ন পর্যায়ে তদবির চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আটজন মহিউদ্দিন চৌধুরীর অনুসারী এবং বাকি চারজন আ জ ম নাছিরের সমর্থক। কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি গঠনের সম্ভাবনা আছে। তবে কমিটি গঠনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ওপর। তাঁদের সঙ্গে সমন্বয় করে এ কমিটি গঠন করা হবে। মহিউদ্দিন চৌধুরীর অনুসারী মুজিবুর রহমান ও আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৌলবাদবিরোধী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণকারী, ত্যাগী ও মেধাবী ছাত্রদের দিয়ে নতুন কমিটি গঠন করা হোক। আ জ ম নাছিরের অনুসারী কাজী তানজীম হোসেন ও মোস্তফা সাইফুল ইসলাম বলেন, ছাত্রত্ব আছে এমন নেতা-কর্মীদের নতুন কমিটিতে স্থান দেওয়া প্রয়োজন।প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৫ সালের ১৩ অক্টোবর। এক বছর মেয়াদি কমিটির মেয়াদ শেষ হয় পরবর্তী বছর। মেয়াদোত্তীর্ণ কমিটির ১৮১ সদস্যর কারোরই নিয়মিত ছাত্রত্ব নেই। ইতিমধ্যে তাঁদের মধ্যে অধিকাংশ ছাত্রনেতা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ক্যাম্পাস ছেড়েছেন।সংগঠন সূত্রে জানা গেছে, গত এপ্রিলের শেষ সপ্তাহে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দর চৌধুরীসহ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা পৃথকভাবে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সদস্য আ জ ম নাছিরের সঙ্গে সাক্ষাৎ করেন। জানা যায়, দুটি বৈঠকে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাসে বিবদমান দুই পক্ষের সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি দ্রুত গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ জন্য তাঁরা নগর আওয়ামী লীগের ওই দুই প্রভাবশালী নেতার সহযোগিতা কামনা করেন।