পাঁচ বছরে পঙ্গু তিন হাজার
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনা বাড়ছে। এতে বাড়ছে হতাহত ও পঙ্গু হওয়া লোকজনের সংখ্যা। গত ছয় বছরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে চার হাজার মানুষ পঙ্গু হয়েছে। এদের অনেকে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। অনেকের চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে অন্যের সাহায্য চেয়ে বেড়াচ্ছে স্বজনেরা।বেসরকারি সংস্থা এওয়াকসহ (অ্যাসোসিয়েশন ফর উইমেন এমপাওয়ারম্যান অ্যান্ড চাইল্ড রাইটস) স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কাপ্তাই সড়ক, মরিয়মনগর ডিসি সড়ক, পারুয়া ডিসি সড়ক, চন্দ্রঘোনা-পদুয়া সড়ক ও গোডাউন-রাজারহাট সড়কসহ বিভিন্ন এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে, বিপজ্জনক বাঁক, লক্কড়ঝক্কড় যানবাহন, চালকের অদক্ষতা এবং পথচারীদের অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ঘটে। এতে অনেকে নিহত হওয়া ছাড়াও বেশির ভাগ লোক পঙ্গু হচ্ছে। রাঙ্গুনিয়া থানা থেকে পাওয়া তথ্যমতে, শুধু ২০১২ সালে বিভিন্ন সড়কে ১৩৭টি দুর্ঘটনায় ৪৩ জন মারা গেছে। পঙ্গু হয়েছে এক হাজার ৩০০ জন। এর আগে ২০১১ সালে ৯৩টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৭৭০ জন পঙ্গু, ২০১০ সালে ২৯ জন নিহত ও ৭৩০ জন পঙ্গু হয়েছে। এ ছাড়া ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিন বছরে ৫৭ জন নিহত ও এক হাজার ৬৮৯ জন পঙ্গু হয়েছে। চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ১৬টি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। এদের অনেকেই পঙ্গু হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।২০০৯ সালে কাপ্তাই সড়কের পাহাড়তলী তাপবিদ্যুৎকেন্দ্রের সামনের বাঁকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই হাত ভেঙে পঙ্গু হয়ে পড়েন স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বজলুর রহমান (৪২)। বর্তমানে তিনি ভিক্ষা করেন। তিনি বলেন, ‘ব্যবসা করে সংসার চালাতাম। দুর্ঘটনায় পঙ্গু হওয়ার পর সবকিছু শেষ হয়ে যায়। অর্থাভাবে সংসার চালানো এবং সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে ভিক্ষা করছি।’কাপ্তাই বাসযাত্রী কল্যাণ সমিতির সভাপতি অলি আহমদ জানান, ৬ মার্চ কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌর সদরের নোয়াগাঁও ও ইছাখালী এলাকায় পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়। পা হারিয়ে পঙ্গু হয়েছে তিনজন। পঙ্গু হওয়া পোমরা বাচাশাহ নগরের আবদুস ছালাম (২৬) বলেন, ‘সিএনজিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে আমার এক হাত ভেঙে যায়। আরেক হাতের আঙুল হারিয়ে বিছানায় শুয়ে আছি। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসারে স্ত্রী-সন্তানেরা একরকম না খেয়ে দিন কাটাচ্ছে।’ দুই অটোরিকশার একটিতে ছিলেন আবদুস ছালাম। এর আগে দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি। একই দুর্ঘটনায় এক পা হারিয়েছেন সরফভাটা ইউনিয়নের মীরেরখীল গ্রামের মনোয়ারা বেগম (২৮)। তিনি জানান, ঘরে তাঁর দুই মেয়ে রয়েছে। স্বামী রাজা মিয়া কৃষক। তাঁর পক্ষে চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। আত্মীয়-স্বজনের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করাতে হচ্ছে। এভাবে কত দিন চিকিৎসা চালাতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন মনোয়ারা বেগম। দুর্ঘটনার কারণ জানতে চাইলে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া জানান, ১৯৬৫ সালে সড়কটি নির্মাণের সময় নিরাপত্তার কথা ভাবা হয়নি। বর্তমানে সড়কে যানবাহন বেড়ে গেছে। এর মধ্যে লক্কড়-ঝক্কড় মার্কা যানবাহন ও অদক্ষ চালকের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার হারও বাড়ছে। তাঁর মতে, সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের জন্য বিমাসুবিধা চালু করা দরকার। এতে পঙ্গু হওয়া মানুষগুলো চিকিৎসাসহায়তার সুযোগ পাবেন। স্বেচ্ছাসেবী সংগঠন এওয়াক রাঙ্গুনিয়ার পারুয়া ও মরিয়ম নগর ইউনিয়নের পঙ্গু ব্যক্তিদের নিয়ে জরিপ চালায়। সংস্থার পরিচালক মো. আবদুল আজিম জানান, তাঁরা দুই ইউনিয়নের চার শতাধিক পঙ্গু ব্যক্তিকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।