চকরিয়া পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো তৈরির পাঁচ বছরেও তা আলোর মুখ দেখেনি। প্রকল্পটি পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবলও এখনো নিয়োগ দেওয়া হয়নি। দুই কোটি টাকা ব্যয়ে স্থাপিত প্রকল্পের সরবরাহ লাইনসহ বিভিন্ন যন্ত্রাংশ অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। পৌরবাসীর অভিযোগ, মেয়র পদে পরিবর্তন হওয়ায় বর্তমান পৌর কর্তৃপক্ষ রাজনৈতিক কারণে প্রকল্পটি বাস্তবায়নে উদাসীনতা দেখাচ্ছেন। এতে পৌর এলাকার ৮০ হাজার মানুষ প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম ২০০৮ সালে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্টের (বিএমডিএফ) অর্থায়নে পৌর এলাকার ৮০ হাজার নাগরিকের নিরাপদ ও সুপেয় পানি সুবিধা নিশ্চিত করতে পানি সরবরাহ প্রকল্পটি চালুর উদ্যোগ নেন। প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহায়তায় পৌর এলাকার সাত কিলোমিটার এলাকাজুড়ে সরবরাহ লাইন স্থাপন করা হয়। স্থানীয় বিদ্যাপীঠ মসজিদের পাশে ও পৌর বাস টার্মিনালের পেছনে স্থাপন করা হয় পৃথক দুটি পাম্প হাউস। সূত্র জানায়, প্রকল্পটি চালু করার জন্য গ্রাহক তৈরিসহ আনুষঙ্গিক কাজের জন্য যে জনবল প্রয়োজন, গত পাঁচ বছরেও তা নিয়োগ দেওয়া হয়নি। এমনকি এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু করেনি পৌর কর্তৃপক্ষ। স্থানীয় ব্যবসায়ী নুরুল কবির ও ছিদ্দিক আহমদ বলেন, পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রকল্পটি স্থাপন করা হলেও মেয়র পদে পরিবর্তনের পর রাজনৈতিক কারণে এটি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ উদাসীনতা দেখাচ্ছে। ফলে পৌরবাসী প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার প্রকল্প চালু করার ব্যাপারে নিজেদের উদাসীনতার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রকল্পের জন্য প্রশাসনিক কাঠামো তৈরি না হওয়ায় গ্রাহক সৃষ্টি হয়নি। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রকল্পটি চালুর উদ্যোগ নেব।’