পাঁচ বছরেও বিদ্যুত্ এল না হারালা গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লাইন টানা হয়েছে পাঁচ বছর আগে। প্রায় দুবছর আগে মিটারের টাকাও জমা দিয়েছেন গ্রাহকেরা। বিদ্যুত্সংযোগ পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষায় থেকেছেন চন্দনাইশের হারালা গ্রামের ১৫০টি পরিবার। তবুও কবে সংযোগ পাবেন তা জানেন না তাঁরা। জানা যায়, ২০০৪ সালে পল্লি বিদ্যুত্ সমিতি-১ চন্দনাইশের ৩ নম্বর পৌর এলাকার পশ্চিম হারালা গ্রামের পাঁচটি পাড়াকে ঘিরে প্রায় ৩০টি বিদ্যুতের খুঁটি বসানো হয়। এলাকার ১৫০ জন গ্রাহক মিটার ও লাইনসংযোগের টাকাও জমা দিয়েছেন। পাঁচ বছর চলে গেলেও তাঁদের ঘরে বিদ্যুত্ পৌঁছায়নি। স্থানীয় সনজিত বিশ্বাস ও শান্তা কান্তি দে জানান, তাঁরা ২০০৮ সালে বিদ্যুতের মিটার ও লাইনসংযোগের টাকা জমা দেওয়ার পর অনেক বার পল্লি বিদ্যুত্ কার্যালয়ে ধরনা দেন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা বিদ্যুত্সংযোগ পাননি। পল্লি বিদ্যুত্ সমিতি-১-এর চন্দনাইশ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন ৭০ জন গ্রাহকের কাছ থেকে মিটারের টাকা জমা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘শিগগিরই বিদ্যুত্সংযোগ দেওয়া হবে।’