পাঁচ বছরেও ভূমি অধিগ্রহণের টাকা আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ১০ শয্যা থেকে ৩১ শয্যায় রূপান্তরের জন্য সাত বছর আগে জায়গা চিহ্নিত করেছে জেলা প্রশাসন। আর জমি অধিগ্রহণ করতে টাকা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল পাঁচ বছর আগে। তবে সেই টাকা এখনো না আসায় শুরু হয়নি অবকাঠামো নির্মাণের কাজ।
খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের নথি থেকে জানা যায়, সরকারের পরিকল্পনা অনুযায়ী দীঘিনালা হাসপাতালটি ১০ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করার জন্য ২০০৮ সালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা ৫ দশমিক ১৭ একর জমি চিহ্নিত করে। পাশাপাশি জমির মালিক হিসেবে ২৪ জন ব্যক্তির তালিকাও তৈরি করা হয়। ভূমি অধিগ্রহণের জন্য ২০১০ সালের ৩ মার্চ ২৪ জন ব্যক্তির অনুকূলে ৩ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৫৬ টাকা ক্ষতিপূরণ হিসাবে পাঠানোর জন্য জেলা প্রশাসক কার্যালয় থেকে সিভিল সার্জনের কাছে চিঠি দেওয়া হয়। এরপর খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ২০১০ সালের ১০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ক্ষতিপূরণ প্রদানের টাকা বরাদ্দ চেয়ে চিঠি দেন। কিন্তু মন্ত্রণালয় এখনো জমি অধিগ্রহণের জন্য কোনো টাকা বরাদ্দ দেয়নি। ২০১৪ সালের অক্টোবর মাসে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ চেয়ে তৎকালীন সিভিল সার্জন আবারও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রীর বরাবর চিঠি দেন। কিন্তু এরপরও সাড়া মেলেনি।
সর্বশেষ গত ১৮ আগস্ট দীঘিনালা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় জরুরি ভিত্তিতে জমি অধিগ্রহণের বিষয়টি সমাধানের বিষয়ে আলোচনাও করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুল গাফফার বলেন, হাসপাতালটি ১০ শয্যার হওয়ায় রোগীর চাপ সামলানো যাচ্ছে না। এখানে এখন ৫০ শয্যার হাসপাতাল প্রয়োজন। দীঘিনালা ছাড়াও রাঙামাটির দুটি উপজেলার মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নেয়। অথচ এখনো ৩১ শয্যার হাসপাতালই বাস্তবায়ন হয়নি। যে ওষুধপত্র বরাদ্দ পাওয়া যায় তা ১০-১২ দিনের মধ্যে শেষ হয়ে যায়। এ ছাড়া হাসপাতালের চিকিৎসকদের থাকার কোনো ব্যবস্থা নেই।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘হাসপাতালের জায়গা অধিগ্রহণের টাকা বরাদ্দ বা ভূমি জটিলতা সম্পর্কে আমার জানা ছিল না। ব্যবস্থাপনা কমিটির সভায় এসে প্রথম ভূমি অধিগ্রহণের বিষয়টি জেনেছি। দ্রুত এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার বলেন, দীঘিনালা হাসপাতালের জমি অধিগ্রহণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালের ওষুধ সংকট দূর করার বিষয়েও জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুর রহমান বলেন, দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যায় উন্নীত করার জন্য জমি চিহ্নিত করা হয়েছে। ২৪ জন মালিকের তালিকাও পাঠানো হয়েছে ক্ষতিপূরণের জন্য। কিন্তু জমি অধিগ্রহণের টাকা না আসায় এখনো কাজ শুরু করা যায়নি।