কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা-রাজারকুল সড়কের ছয় কিলোমিটার অংশের কার্পেটিং কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। এ কারণে এলাকার জনসাধারণকে দীর্ঘ ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার সদরের সংযোগ সড়ক হয়ে রামু উপজেলা সদরে যাতায়াত করতে হচ্ছে। এ জন্য রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে এ দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ সময় রাস্তা খারাপ থাকায় সড়কে ডাকাতি, ছিনতাই বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, গত পাঁচ বছরে এ সড়ক নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে একাধিকবার সংবাদ ছাপা হলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। এতে ক্ষোভ ও হতাশ হয়ে পড়েছে এলাকার মানুষ। রামু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, চেইন্দা-রাজারকুল সড়কের দৈর্ঘ্য আট কিলোমিটার। এর মধ্যে পশ্চিম উমখালী সোলাইমান মেম্বারের বাড়ি থেকে রাজারকুল রামু-মরিচ্যা সড়কের মাথা পর্যন্ত ছয় কিলোমিটার অংশের কার্পেটিং কাজের জন্য ২০০৬ সালের জুনে দরপত্র আহ্বান করা হয়। এ কাজের মোট ব্যয় ধরা হয় দুই কোটি আট হাজার টাকা। কাজ পান জাহিদুল ইসলাম নামের এক ঠিকাদার। তবে কাজ বাস্তবায়ন করেছিলেন আদনান ডাবলু নামের অন্য এক ঠিকাদার। এলাকাবাসী জানান, রাজারকুল ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ২০ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে রামু সদরসহ আশপাশের এলাকায় যাতায়াত করে। এ ছাড়া রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল, মাছুমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, আলহাজ ফজল আম্বিয়া উচ্চবিদ্যালয়, ফজল আম্বিয়া কেজি স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কের কাজ শেষ না হওয়ায় এলাকার অন্তত দুই হাজার শিক্ষার্থীসহ প্রায় ৫০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধরপাড়ার বাসিন্দা অপূর্ব ধর জানান, বর্ষায় সড়কের বিভিন্ন অংশ খুব বেশি কাদাময় হয়ে ওঠায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বর্ষায় অটোরিকশায় আট কিলোমিটার সড়ক পাড়ি দিতে তিন ঘণ্টা সময় লাগে। রাস্তা খারাপ থাকায় সড়কে ডাকাতি, ছিনতাই বেড়ে যায়। এ অবস্থায় বেশির ভাগ মানুষ দীর্ঘ ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার সদরের সংযোগ সড়ক ও দক্ষিণ মিঠাছড়ি হয়ে এলাকায় যাতায়াত করে। এ কারণে মানুষের দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী জানান, ২০০৬ সাল থেকে এ সড়কের সংস্কারকাজ শুরু হলেও কাজের ধীরগতি এবং ঠিকাদারের গাফিলতির কারণে এখনো কাজ শেষ হয়নি। কাজ শুরুর পরে প্রায় সাড়ে চার কিলোমিটার সড়কে ম্যাকাডমের (ইটের টুকরো বসানো) কাজ শেষ করা হলেও বর্ষায় বিভিন্ন স্থানে তা পানিতে ধসে যায়। ২০০৯ সালের জানুয়ারি থেকে কাজ বন্ধ রয়েছে। এ বিষয়ে একাধিকবার রামু এলজিইডিতে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে কথা বলার জন্য ঠিকাদার আদনান ডাবলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরেও সড়কটির কাজ শেষ না হওয়া দুঃখজনক।’ রামু এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. খুরশিদ আলী চৌধুরী প্রথম আলোকে জানান, সঠিক সময়ে কাজ শেষ না করায় ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে। ছয় কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের জন্য বরাদ্দ চেয়ে নতুন একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলেই দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে।