পাঁচ বছরেও সংস্কার হয়নি সড়ক, বন্ধ গাড়ি চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরেও সংস্কার হয়নি মহেশখালীর নতুন বাজার-রাজঘাট সড়ক। এক কিলোমিটারের সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে চার গ্রামের অন্তত ২০ হাজার মানুষ। বন্ধ রয়েছে যানবাহন চলাচলও। মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের সঙ্গে এই সড়কটির সংযোগ।
স্থানীয় লোকজন জানান, প্রায় ১০ বছর আগে মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট, সিকদারপাড়া, ওয়াপদারপাড়া ও বান্ডি সিকদারপাড়ার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে সড়কটি পিচঢালাই করা হয়। তখন সড়ক দিয়ে চলাচল করত অটোরিকশা, ট্রাক, জিপ ও রিকশা। কিন্তু কয়েক বছর মাথায় প্রাকৃতিক দুর্যোগের কবলে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এরপর আর সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা নাজুক হতে থাকে। ছোট-বড় গর্তে ভরে যায় সড়ক। শেষে ২০১১ সাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচঢালাই উঠে গেছে। স্থানীয় লোকজন হেঁটেই পার হচ্ছেন সড়ক। বেশি সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। মালামাল পরিবহনে বেগ পেতে হচ্ছে। শ্রমিকেরা কাঁধে করে মালামাল পরিবহন করছেন। হাঁটার সময়ও ভোগান্তি কম নয়। গর্তের কারণে হোঁচট খেয়ে চলতে হচ্ছে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাসেম বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে উপজেলা প্রকৌশল অফিসে বারবার ধরনা দিয়েও কোনো কাজ হয়নি। মানুষের সীমাহীন কষ্ট হলেও দেখার কেউ নেই।
মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী বলেন, ভাঙা সড়কের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ‘সড়ক সংস্কারের বিষয়টি একাধিকবার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেছি। কেউ এতে কান দেয় না। এ জন্য নিজের উদ্যোগে ৩০০ মিটার পর্যন্ত গর্ত ভরাট করে হাঁটার উপযোগী করেছি।’
মহেশখালী উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ‘ওই সড়কটির ব্যাপারে আমাকে কেউ অবহিত করেননি। এরপরও সরেজমিনে গিয়ে সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হবে।’