পাঁচ বন্ধুর এলিমেন্ট ফাইভ

পাঁচজনই স্কুলজীবনের বন্ধু। পাঁচজনই পেশাগত জীবনে যাঁর যাঁর ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যে যাঁর কাজে ব্যস্ত সময় কাটালেও বন্ধুত্ব ফিকে হয়ে যায়নি কখনো। নতুন এক উদ্যোগ যেন সেই বন্ধুদের আবারও এক সুতোয় বাঁধল। উদ্যোগটা এক দোকানেই বিখ্যাত নানান ব্র্যান্ডের পোশাক বিক্রির। নামেও জড়িয়ে আছে ওই বন্ধুত্বই। ওঁরা পাঁচজন তাই নাম—এলিমেন্ট ফাইভ। ‘ব্র্যান্ডস ফর অল’ স্লোগান নিয়ে শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন হলো এলিমেন্ট ফাইভের।
এই পাঁচ বন্ধু হলেন—ফ্যাশন হাউস এক্সট্যাসির তানজিম হক, গানের দল মাইলসের লিড গিটারিস্ট আসিফ ইকবাল জুয়েল, নিউ ভিশন সল্যুশনসের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভুঁইয়া জুন, অডিটর ও কনসাল্ট্যান্ট তারিকুল ইসলাম সেনা এবং ই-কমার্স সাইট এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান।
শুক্রবার পোশাকের দোকান এলিমেন্ট ফাইভের উদ্বোধন করে বাংলা রক গানের দল মাইলস। অনুষ্ঠানে মাইলসের শাফিন আহমেদ, হামিন আহমেদ, মানাম আহমেদ, সৈয়দ জিয়াউর রহমান তূর্য, আসিফ ইকবাল জুয়েল উপস্থিত ছিলেন। এ ছাড়া গানের দল আর্বোভাইরাসের সদস্যরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
উদ্যোক্তারা জানিয়েছেন, ফ্যাশনের প্রতি ভালোবাসার কারণেই তাঁরা নতুন এই ব্যবসা চালু করেছেন। তাঁরা বলেন, এলিমেন্ট ফাইভে ফ্যাশনের ক্ষেত্রে তারুণ্যকে প্রধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষের জন্যই এখানে পাওয়া যাবে রুচিসম্মত ও আরামদায়ক পোশাক। এখানে আন্তর্জাতিক নানান ব্র্যান্ডের পণ্যও পাওয়া যাবে। পাশাপাশি নতুনত্ব আনতে দেশের ফ্যাশন ডিজাইনারদের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছে এলিমেন্ট ফাইভ। এখানকার শার্ট, টি-শার্ট, জিনস, স্কার্ট গ্রাহকের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা।