
যে যাঁর মতো দাঁড়িয়ে। কারও মুখে কথা নেই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়ের ক্যাম্পাসে কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। হঠাৎ নীরবতা ভেঙে শোনা গেল চিৎকার। ‘রোল, ক্যামেরা, অ্যাকশন...’
‘দোস্ত ফারিয়ার কোনো খবর আছে?’
এরই মধ্যে আবার চিৎকার ‘কাট কাট! হয়নি। আবার শট নিতে হবে।’ শুরু হলো আবার দৃশ্য ধারণের কাজ। মনিটরের সামনে চোখ রাখলেন পরিচালক এস ডি সাব্বির। সামনের ট্রলিতে স্থাপন করা ক্যামেরা তাক করা দুই অভিনেতা রাশেদ মামুন ও শাহীন মাহমুদের দিকে। পরিচালক আবার শটটি নেওয়ার তাগিদ দিলেন। ক্যামেরা সচল হলো ফের। এবার দৃশ্যটা হলো ঠিকঠাক। সঙ্গে সঙ্গে জেগে উঠল পুরো ইউনিট। পরের দৃশ্য ধারণের জন্য শুরু হলো প্রস্তুতি।
২২ আগস্ট নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাস হঠাৎ করেই যেন এফডিসির কোনো শুটিং স্পটে পরিণত হয়েছিল। পাঁচ বন্ধুর গল্প নিয়ে নাটক সাউন্ড অব ফ্রেন্ডশিপ। চলছিল তারই শুটিং। সামনে কোরবানের ঈদ উপলক্ষে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এর রচয়িতা চট্টগ্রামের ছেলে সংগীতশিল্পী মিনার রহমান।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্দেশক এস ডি সাব্বির। তিনি জানান, নাটকের কাহিনি আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়–পড়ুয়া পাঁচ বন্ধুকে ঘিরে। তরুণদের দলটিতে ঘটে যাওয়া নানা ঘটনা স্থান পেয়েছে নাটকের কাহিনি বিন্যাসে। আড্ডা, গান, পড়াশোনা, মান-অভিমানের মতো ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী পাঁচ বন্ধুর জীবনে। এর মাঝেই একটি মেয়েকে কেন্দ্র করে শুরু হয় ভুল বোঝাবুঝি। এতে দূরত্ব সৃষ্টি হয় পাঁচ বন্ধুর মধ্যে। একটা সময় সবাই নিজেদের মতো বিচ্ছিন্ন জীবন কাটাতে থাকে। এর মাঝেই একদিন ঘটনাচক্রে একত্র হয় পাঁচ বন্ধু। আবার জোড়া লাগে তাঁদের সম্পর্ক। তবে এবার পাঁচ বন্ধুর সঙ্গে যুক্ত হন আরও দুজন। এভাবেই নাটকটি সুন্দর একটি সমাপ্তির দিকে যায় বলে জানান নাটকের পরিচালক।
নাটকের সহকারী পরিচালক রানা জাকারিয়া বলেন, ‘উইন সিক্সটি ফোর প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এ নাটকের পুরোটাই শুটিং হয়েছে বন্দরনগর চট্টগ্রামে। ২১ থেকে ২৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ নাটকের শুটিং হয়।’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রাশেদ মামুন, ঈশিকা, আবু বকর, নাবিলা, শাহীন মাহমুদ, আহমেদ তুষার ও শামীম আহমেদ।
নাটকে চট্টগ্রামের বেশ কয়েকজন তরুণ-তরুণীও অভিনয় করছেন। পরিচালক এস ডি সাব্বির বলেন, ‘নাটকটি নির্মাণের ক্ষেত্রে উদীয়মান তারকাদের প্রাধান্য দেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে তিনজনকে সুযোগ দেওয়া হয়েছে নাটকে। সবাই বেশ উৎসাহ নিয়ে কাজ করছে। আশা করছি বেশ ভালো একটি নাটক দর্শকদের উপহার দিতে পারব।’
নাটকে অভিনয় করতে ঢাকা থেকে এসেছেন ঈশিকা। শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে তিনি এ নাটক নিয়ে তাঁর ভালো লাগার কথা জানান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়–পড়ুয়া তরুণ-তরুণীদের গল্প নিয়ে নাটকটি তৈরি হওয়ায় অভিনয় করতে বেশ সুবিধা হচ্ছে।’ চট্টগ্রামে শুটিং করতে এসেও ভালো লাগছে বলে জানান তিনি।