পাঁচ বিদ্যালয়ের বৈশাখী উৎসব
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সন্দীপন সেন। ‘কেমন লাগছে উৎসব? এমন প্রশ্নের উত্তরে বলল সে, ‘খুব মজা লাগছে। এবার প্রথম বিদ্যালয়ের পক্ষ থেকে এ রকম উৎসবে অংশ নিয়েছি। অনুষ্ঠানে আবৃত্তি করেছি। খাবারের স্টল থেকে খেয়েছি বিনা মূল্যে। খাবারের স্টলটি দিয়েছে আমাদের বিদ্যালয়ের বড় ভাইয়েরা। সবকিছু মিলিয়ে ভালোই লাগছে।’ ১৩ মে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ‘কানেকটিং ক্লাসরুম প্রজেক্ট, চট্টগ্রাম ক্লাস্টার-১’ শীর্ষক বৈশাখী উৎসব। উৎসবে অংশ নেয় নগরের পাঁচটি বিদ্যালয়। এগুলো হচ্ছে খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দিনব্যাপী উৎসবে যোগ দেন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকারা। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ের মাঠে বসে বিভিন্ন স্টল। স্টলের দায়িত্বে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাতে তৈরি বিভিন্ন রকমের খাবার, বেল ও তরমুজের শরবত, বই, গাছের চারা, মেহেদি লাগানোসহ হরেক আয়োজন ছিল স্টলগুলোতে। অনেক শিক্ষার্থী নিজের হাতে তৈরি নানান জিনিস বিক্রি করেছে এসব স্টলে। এমনই একজন বাওয়া স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী নাজলী মঈন সামিয়া। সে মেলার স্টলে বসেছিল রঙিন মোমবাতি নিয়ে। রংতুলি দিয়ে সব মোমবাতিতে আঁকা হয়েছে প্রকৃতি আর মানুষের ছবি। মোমবাতির গায়ে ধারালো ছুরি দিয়ে কেটে সে প্রথমে তৈরি করে দৃশ্য, তারপর রঙের ছোঁয়ায় তা করে তোলে রঙিন। ইস্পাহানি স্কুলের স্টলে দেখা যায় ডিম দিয়ে তৈরি নানান রকমের শোপিস এবং খেলনা। সবই হাতে তৈরি। এসব জিনিসে ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা। এ ছাড়া উৎসবে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, আবৃত্তিতে তারা বরণ করে নেয় নতুন বছর। মূলত কানেকটিং ক্লাসরুম প্রজেক্টের তত্ত্বাবধানে এ উৎসব ছিল পাঁচটি বিদ্যালয়ের মধ্যকার মেলবন্ধন। আয়োজকেরা জানান, প্রতি বছর এ রকম কিছু অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়গুলোর মধ্যে সমপ্রীতি গড়ে তোলার কাজ করছে কানেকটিং ক্লাসরুম প্রজেক্ট। তারা অনুষ্ঠানের চিত্রধারণ করে স্কটল্যান্ডের কয়েকটি বিদ্যালয়ে পাঠায়। স্কটল্যান্ডের বিদ্যালয়গুলোও তাদের অনুষ্ঠান এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশে পাঠায়।