পাঁচ মাস ধরে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি
সড়কের ওপর কাত হয়ে ঝুলে আছে বিদ্যুতের খুঁটি। তার নিচ দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজারো মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থী। বিপদের আশঙ্কা প্রতি মুহূর্তে। সাতকানিয়া উপজেলার টিঅ্যান্ডটি সড়কের নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা-সংলগ্ন এলাকায় খুঁটিটি এই অবস্থায় পড়ে আছে পাঁচ মাস।
জানা যায়, গত মার্চ মাসের মাঝামাঝি সময়ে ঝড়ের সময় খুঁটিটি হেলে পড়ে। এরপর পাঁচ মাস পার হয়ে গেলেও এটি মেরামত কিংবা প্রতিস্থাপনের উদ্যোগ নেয়নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লোকজন। অথচ মাত্র ৫০ গজ দূরে সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কার্যালয়। ওই কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও চলাচল করছেন এই খুঁটিটির নিচ দিয়ে।
স্থানীয় লোকজন জানান, টিঅ্যান্ডটি সড়ক দিয়ে প্রতিদিন ছমদরপাড়া, রোজমরপাড়া, ছিটুয়াপাড়া, খোন্দকারপাড়া, সতিপাড়া ও চরপাড়ার লোকজন যাতায়ত করেন। সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, মহিলা কলেজ, ছমদর পাড়া উচ্চবিদ্যালয়, সাতকানিয়া আলিয়া মাদ্রাসা ও নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার হাজারো শিক্ষার্থী যাতায়াত করে।
সরেজমিনে দেখা গেছে, সাতকানিয়া-বাঁশখালী সড়কের বিউবো কার্যালয়ের পাশ দিয়ে টিঅ্যান্ডটি সড়কটি পশ্চিম দিকে চলে গেছে। সড়ক ধরে ১০০ গজ গেলেই চোখে পড়ে বিদ্যুৎ খুঁটিটি। ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। প্রতিদিন চলাচলকারী সাতকানিয়া আলিয়া মাদ্রাসার দাখিলের ছাত্রী সুমাইয়া জান্নাত বলে, ‘এই স্থানটি পার হওয়ার সময় আতঙ্কে থাকি।’ ছমদরপাড়ার বাসিন্দা ব্যবসায়ী জসিম উদ্দীন (৩৫) বলেন, ‘বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের লোকজনও এ সড়ক দিয়ে চলাচল করে। তার পরও এ বিষয়টি তারা দেখছে না।’
এ প্রসঙ্গে সাতকানিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মো. গোলাম সরওয়ার বলেন, ‘হেলে পড়া খুঁটিটির বিষয়ে আমরা জেনেছি। শিগগির এটি নতুন করে প্রতিস্থাপন করা হবে।’