পাঁচ মাসেও খোঁজ মেলেনি অটোরিকশা চালক সেলিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে নিখোঁজ হওয়ার পাঁচ মাসেও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সেলিমের (৪০) খোঁজ মেলেনি। পরিবারের সদস্যদের ধারণা, তাঁকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।জানা যায়, গত ৯ মে পরশুরামে চালকসহ একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই হয়। ছিনতাইয়ের চার দিন পর অটোরিকশাটি নোয়াখালীর মাইজদীর ওদার হাটের একটি ইটভাটাসংলগ্ন এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। কিন্তু চালক মো. সেলিমের (৪০) কোনো সন্ধান পাওয়া যায়নি। ছিনতাইয়ের ঘটনার পরদিন (১০ মে) সেলিমের ছোট ভাই মীর আহাম্মদ পরশুরাম থানায় একটি ডায়েরি করেন। সেলিম পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের হাফেজ আহাম্মদের ছেলে।পরিবারে আয়ের কোনো লোক না থাকায় সেলিমের স্ত্রী কুলসুমা আক্তার তিন সন্তান নিয়ে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে পড়ালেখা বন্ধ করে দিয়েছে বড় মেয়ে রাবেয়া আক্তার (১৪)। স্থানীয় গুথুমা চ্যেমুড়ী মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ালেখা করত সে।কুলসুমা আক্তার জানান, তাঁরা ফেনী-নোয়াখালীসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, তাঁর স্বামীকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, ‘অটোরিকশাচালকের ভাই থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে সব থানায় তথ্য পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো খোঁজ মেলেনি।’