মহেশখালী পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয় প্রার্থী। এঁদের মধ্যে পাঁচ মেয়র প্রার্থী স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া হলফনামায় তাঁরা এ তথ্য দেন।স্বশিক্ষিত মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌরসভার বর্তমান ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে, বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী জামালুল আনোয়ার। আর স্বাক্ষরজ্ঞানসম্পন্ন প্রার্থীরা হলেন আওয়ামী লীগের নেতা মকসুদ মিয়া সিকদার ও তাঁর স্ত্রী মর্জিনা আকতার। স্থানীয় লোকজন জানান, মর্জিনা আকতার স্বামীর বিরুদ্ধে জয়লাভের আশায় মাঠে নামেননি। তিনি মেয়র পদে নির্বাচন করছেন ডামি প্রার্থী হিসেবে স্বামীকে সহযোগিতা করতে। কারণ, ইতিমধ্যে আট মেয়র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে মাঠে নামলেও মর্জিনা আকতার ঘরে ঘরে গিয়ে স্বামীর জন্যই ভোট চাইছেন। পৌরসভার চরপাড়া ও পুঁটিবিলা এলাকার ভোটার গোপালচন্দ্র পাল ও রমজান আলী জানান, তথ্যপ্রযুক্তির এই যুগে মেয়র পদে নির্বাচিত ব্যক্তিদের অবশ্যই উচ্চশিক্ষিত হওয়া দরকার। কারণ, শিক্ষিত না হলে কোনো ব্যক্তির হাতে এলাকার সার্বিক উন্নয়ন আশা করা যায় না। কিন্তু এ ক্ষেত্রে মহেশখালীর চিত্র ভিন্ন। এখানে প্রভাব ও প্রতিপত্তি থাকলেই হলো। ভোটাররা তাঁদের পক্ষে থাকেন।নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সম্প্রতি উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামার তথ্য বিবরণীতে এই পাঁচ মেয়র প্রার্থী শিক্ষাগত যোগ্যতার স্থানে স্বশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলে উল্লেখ করেন। ঠাকুরতলা গ্রামের বাসিন্দা ভোটার রানী পাল, মনিকা পাল ও গোরকঘাটার সৈয়দ উল্লাহ বলেন, ‘লেখাপড়া করে মানুষ ম্যাট্রিক, আইএ, বিএ, এমএ পাস করে শুনেছি। কিন্তু স্বশিক্ষিত আর স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলে কিছু শুনিনি। বৃদ্ধ বয়সে বহু মানুষ দস্তখতের সুবিধার্থে নিজের নামটা লেখা শেখেন। তাকেই সম্ভবত স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বলা হয়। যে লোক নিজের নামটাও লিখতে পারেন না, তাঁকে মেয়র পদে মানায় না। কিন্তু আমাদের কপাল খারাপ, টাকার কাছে সবকিছু ঢাকা পড়ে।’মহেশখালী ডিগ্রি কলেজের্রঅধ্যক্ষ ফরিদুল্রআলম জানান, এসএসসি পাসের চেয়ে কম লেখাপড়া জানা ব্যক্তি, কিন্তু তাঁর কথাবার্তা আচার-আচরণ সমাজের কাছে প্রশংসনীয় হয় এবং জনকল্যাণকর কাজে সর্বদা ব্যস্ত থাকেন, তাহলে তাঁকে স্বশিক্ষিত বলা হয়। মেয়র পদে শিক্ষিত প্রার্থীরা হলেন এই পৌরসভার মেয়র (অপসারিত) ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরওয়ার আজম, স্বতন্ত্র প্রার্থী আবু সুফিয়ান, চারদলীয় জোট মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা ও জাতীয় পার্টির প্রার্থী শামসুল আলম। হলফনামার তথ্যবিবরণী অনুযায়ী সরওয়ার আজমের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিএ), গোলাম মোস্তফার এমএ (স্নাতকোত্তর), আবু সুফিয়ানের এমবিএ এবং শামসুল আলমের উচ্চমাধ্যমিক (এইচএসসি)।