টানা বর্ষণে সীতাকুণ্ড উপজেলার শতাধিক চাতাল বন্ধ হয়ে গেছে। বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব চাতালে প্রায় চার হাজার টন ধান সেদ্ধ অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। চাতালগুলোয় উৎপাদন বন্ধ থাকায় প্রায় ৫০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন।সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা, বাড়বকুণ্ড, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, মুরাদপুর ইউনিয়ন ও সীতাকুণ্ড পৌরসভায় গত শুক্রবার ও শনিবার সরেজমিনে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।উপজেলা চালকল মালিক সমিতি সূত্রে জানা গেছে, পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকায় ছোট-বড় চাতালের সংখ্যা শতাধিক। প্রতিটি চাতালে পাঁচ-ছয়জন শ্রমিক কাজ করেন। বেশির ভাগ চাতালেই একই পরিবারের স্বামী-স্ত্রী একসঙ্গে শ্রমিক হিসেবে কাজ করেন। চাতাল বন্ধ হয়ে যাওয়ায় মালিকদের পাশাপাশি এসব শ্রমিকও বিপাকে পড়েছেন। চাতালের মালিকেরা জানান, প্রতিটি চাতালেই বিপুল পরিমাণ ধান ভেজা ও সেদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টির কারণে এসব ধান শুকানো যাচ্ছে না। ভেজা ও পলিথিনে ঢাকা অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকায় ইতিমধ্যে ধান-চাল পচে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। বৃষ্টি বন্ধের পর এসব ধান শুকানো গেলেও চালের রং ও গন্ধের কারণে তা মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে এবং পশুখাদ্য হিসেবে বিক্রি করতে হবে। চাতালনির্ভর চাল ব্যবসায়ীদের অবস্থাও খুব খারাপ। অনেকেই পুঁজি ভেঙে খরচ করতে শুরু করেছেন। ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের আশঙ্কা, এই বর্ষায় ২৫-৩০ ভাগ চাতাল ও চাল ব্যবসায়ী পুঁজি হারিয়ে পথে বসবেন। বারৈয়াঢালার চাতাল-মালিক জহিরুল ইসলাম জানান, তাঁর চাতালে ১৩০ মণ সেদ্ধ ধান শুকানোর অপেক্ষায় পড়ে আছে। ভেজা ধান আছে প্রায় ৫০ টন। এই বর্ষায় তাঁকে অন্তত ৩০ হাজার টাকা লোকসান গুনতে হবে। বাড়ৈয়াঢালা রাইস মিলের নারীশ্রমিক খাদিজা বেগম বলেন, ‘মিল বন্ধ থাকায় অলস দিনযাপন করতে হচ্ছে। ইতিমধ্যে অনেক ধার-দেনা হয়েছে।’ শীতলপুর রাইস মিলের চাতালশ্রমিক সহিদুল ইসলাম জানান, তিনি এবং তাঁর স্ত্রী সুফিয়া বেগম চুক্তিতে ধান সেদ্ধ, শুকানো ও চাল বানানোর কাজ করেন। চাল বানানো হলেই তাঁরা মজুরি পান। তাঁদের উপার্জিত টাকায় চার সন্তানসহ ছয়জনের সংসার চলে। বৃষ্টির কারণে আষাঢ় মাসের শুরু থেকে তাঁরা বেকার। প্রতিদিনই চাতাল মালিকের কাছ থেকে আগাম ঋণ নিয়ে খরচ করছেন। অন্য চাতাল শ্রমিকদেরও একই অবস্থা।উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আলম বলেন, ‘এ উপজেলায় ছোট-বড় শতাধিক চাতাল রয়েছে। এসব চাতালে এখন পুরোদমে ধান সেদ্ধ, শুকানো ও চাল তৈরির কথা। কিন্তু বৃষ্টির কারণে চাতাল-মালিক ও ব্যবসায়ীরা মহা বিপাকে পড়েছেন। এসব চাতালে চার হাজার টন ধান সেদ্ধ অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে।’