পাঁচ সংকটে আবাসনশিল্প
গ্যাস-সংকট, ব্যাংকঋণের অপর্যাপ্ততা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, জমির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ও প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতাকেই বর্তমানে চট্টগ্রামের আবাসনশিল্পের মূল কয়েকটি সমস্যা বলে মনে করেন আবাসন ব্যবসায়ীরা। তাঁরা মনে করেন, এসব সমস্যা থেকে উত্তরণে প্রয়োজন সরকারের সহযোগিতামূলক মানসিকতা। চট্টগ্রামের আবাসন ব্যবসায়ীরা জানান, শুধু গ্যাস-সংকটের কারণে নগরে ফ্ল্যাট বিক্রিতে নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি গ্যাস-সংযোগ না থাকায় হস্তান্তরের পরও প্রায় দুই হাজার ক্রেতা নিজেদের ফ্ল্যাটে উঠতে পারছেন না। এদিকে নির্মাণসামগ্রী ও জমির দাম লাফিয়ে বাড়তে থাকায় ক্রমাগত বাড়ছে ফ্ল্যাটের নির্মাণ ব্যয়। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম চ্যাপ্টারের স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান প্রকৌশলী এস এম আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় চট্টগ্রাম শহরের প্রায় দুই হাজার ফ্ল্যাট হস্তান্তরের পরও ক্রেতারা উঠতে পারছেন না। চট্টগ্রামের ফ্ল্যাট ক্রেতাদের মধ্যে গড়ে ৭০ শতাংশই ব্যাংকঋণ নিয়ে থাকেন। আবু সুফিয়ান বলেন, ক্রেতারা ফ্ল্যাটে উঠতে না পারায় এসব ফ্ল্যাটের কিস্তিও আটকে আছে। গড়ে ৬০ লাখ টাকা করে দুই হাজার ফ্ল্যাটের মূল্য প্রায় এক হাজার ২০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকাও এখন আটকে আছে। সাম্প্রতিক সময়ে সরকার এই খাতকে অনুৎপাদনশীল আখ্যায়িত করেছে এবং আবাসন খাতে ঋণ প্রদানে ব্যাংকগুলোকে অনুৎসাহিত করছে উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, সারা দেশে এই শিল্পের সঙ্গে সরাসরি প্রায় ১০ লাখ লোক জড়িত। জাতীয় অর্থনীতিতে এই খাতের বিশাল অবদান রয়েছে। তার পরও এ ধরনের প্রবণতার কারণে অত্যন্ত সম্ভাবনাময় এ খাতে ভঙ্গুর অবস্থার সৃষ্টি হতে পারে। ইক্যুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) এস এম জহিরুল আলম মনে করেন, জমি ও নির্মাণসামগ্রীর দাম লাফিয়ে বাড়াটাই চট্টগ্রামের আবাসনশিল্পের সংকটের প্রধান দুই কারণ। তিনি প্রথম আলোকে বলেন, নগরে চাহিদার তুলনায় জমির পরিমাণ খুবই কম হওয়ায় প্রতিবছর দাম বাড়ছে গড়ে প্রায় ২০০ শতাংশ হারে। এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবহন খরচ, ডলারের দাম বাড়াসহ নানা কারণে বাড়ছে নির্মাণসামগ্রীর দাম। ডোয়েল প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী অজয় রায়ও মনে করেন, নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি চট্টগ্রামের আবাসনশিল্পের সংকটের অন্যতম কারণ। তিনি বলেন, মাস খানেকের ব্যবধানে রডের দাম টনপ্রতি প্রায় ৪০ শতাংশ ও সিমেন্টের দাম ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বাড়ায় বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন নির্মাণ উপকরণের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। এতে করে নির্মাণ খরচ বাড়লেও বুকিং দেওয়া ফ্ল্যাটের দাম ব্যবসায়ীরা বাড়াতে পারছেন না। এদিকে পূর্বানুমোদনের পরও অনেক ক্রেতা সাম্প্রতিক সময়ে ফ্ল্যাট কিনতে ব্যাংকঋণের টাকা ছাড় করাতে পারছেন না বলে জানান অজয় রায়।প্রকল্প অনুমোদনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দীর্ঘসূত্রতা আবাসনশিল্পের অগ্রযাত্রাকে ব্যাহত করছে বলে মনে করেন আবাসন শিল্প ব্যবসায়ী ও রিহ্যাবের নেতারা। একাধিক আবাসনশিল্প ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, বিভিন্ন আকারের প্রকল্পে সিডিএর অনুমোদন পেতে ছয় মাস থেকে এক বছর সময় লেগে যায়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ‘জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ চলে না। অনুমোদন পেতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় প্রয়োজন হয়। কিন্তু এ বিষয়ে বললে ভবিষ্যতে কী হবে, তা তো বুঝতেই পারছেন।’ এ বিষয়ে রিহ্যাবের নেতা ও এপিক প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, ‘সিডিএ বলে, তাদের জনবল কম। আমরা বলি, আন্তরিকতা দরকার। সিডিএ আমাদের উন্নয়ন সহযোগী। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।’ সংকট থেকে উত্তরণে সরকারের সার্বিক সহযোগিতা চেয়ে আবু সুফিয়ান বলেন, ‘এই শিল্প রক্ষায় সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে তা ধীরে ধীরে রুগ্ণ হয়ে পড়বে। এতে বিশাল জনগোষ্ঠী কর্মসংস্থান হারাবে এবং সহায়ক অন্যান্য শিল্প খাতেও এর প্রভাব পড়বে। ফলে জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।’