লোনাপানির কারণে ফেনীতে পাঁচ হাজার হেক্টর জমিতে ইরি বোরোসহ রবিশস্যের চাষাবাদ ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে জোয়ারের সময় নদীতে লোনাপানি ঢুকে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়। কৃষকেরা জানান, সোনাগাজীর চর দরবেশ এলাকায় ছোট ফেনী নদীর ওপর নির্মিত কাজিরহাট স্লুইসগেটটি সাড়ে তিন বছর আগে বন্যার পানির তোড়ে নদীগর্ভে তলিয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে না। ফলে জমিতে সেচ দিলেও লোনাপানির কারণে ফসল হচ্ছে না। এ ছাড়া মুছাপুরে নির্মাণাধীন স্লুইসগেটের কাজও নির্দিষ্ট সময়ে শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৯৬৫ সালে সোনাগাজীর চর দরবেশ এলাকায় ছোট ফেনী নদীর ওপর ২০ ফটকের (ভেন্ট) একটি স্লুইসগেট নির্মাণের পর এলাকার মানুষ শুষ্ক মৌসুমে নদীর পানি দিয়ে চাষাবাদ শুরু করেন। ফলে ইরি, বোরো ও রবিশস্য চাষের মাধ্যমে কৃষিতে ব্যাপক সাফল্য আসে। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব ও অযত্ন-অবহেলায় দিন দিন কাজিরহাট স্লুইসগেট কার্যকারিতা হারায়। এ ছাড়া ফটকের ভেতর পলি জমে থাকা, নিয়মিত পরিষ্কার ও রং না করায় এতে মরিচা ধরে। একপর্যায়ে একেকটা ফটক ভেঙে ধসে পড়তে শুরু করে। ২০০৫ সালে স্লুইসগেটের উত্তর অংশের পাঁচটি ফটক একসঙ্গে ভেঙে নদীগর্ভে তলিয়ে যায়। ২০০৬ সালে প্রায় দুকোটি টাকা ব্যয়ে একটি ক্রসবাঁধ নির্মাণ করে ওই ফটকগুলো পুনর্নির্মাণ করা হয়। একই বছর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে স্লুইসগেটের রি-মডেলিং কাজ শুরু হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর রাতে বন্যা ও জোয়ারের পানির তোড়ে স্লুইসগেটের পুরোনো ১৩টি ফটক ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফেনী সদর উপজেলার শর্শদির কৃষক আবুল হাসেম বলেন, বর্ষায় লবণাক্ততা না থাকলেও শুষ্ক মৌসুমে যখন সেচ দিয়ে চাষাবাদ শুরু হয় তখন জোয়ারের সঙ্গে লোনাপানি ঢুকে পড়ে। এ লোনাপানি দিয়ে চাষাবাদ হয় না। তিনি জানান, তাঁরা বছরে তিনটি ফসল উৎপাদন করতেন। এখন হয় একটি। সোনাগাজীর বদরপুরের কৃষক আবু আহম্মদ জানান, গত সাড়ে তিন বছর তাঁরা জমিতে ইরি, বোরো ধানচাষ করতে পারেননি। তা ছাড়া লোনাপানিতে অন্য ফসলেরও ক্ষতি হয়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কাজিরহাট স্লুইসগেট তলিয়ে যাওয়ায় লোনাপানির কারণে শুষ্ক মৌসুমে ফেনীতে পাঁচ হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হয়। একইভাবে নোয়াখালী ও কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলেও চাষাবাদ ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, কাজিরহাট স্লুইসগেট থেকে আরও প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ৪০ কোটি টাকা ব্যয়ে ২৩ ফটকের (ভেন্ট) আরও একটি স্লুইসগেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৬-০৭ অর্থবছরে মুছাপুর স্লুইসগেট নির্মাণের কাজ শুরু হয়। ২০০৯-১০ অর্থবছরে মুছাপুর স্লুইসগেটের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনো কাজ শেষ হয়নি।পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মুছাপুর স্লুইসগেটের মূল অংশের কাজ শেষ হয়েছে। এরপর ক্রসবাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ ও কার্যাদেশ দেওয়া হয়। গত বছর নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করে। পরে কাজ বন্ধ করে দেয়। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাঁদের কার্যাদেশ বাতিল এবং এক কোটি ৬৫ লাখ টাকার জামানতের অর্থ বাজেয়াপ্ত করে। এখন আবার নতুন করে ক্রসবাঁধ নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ক্রসবাঁধ নির্মাণের মাধ্যমে এটি চালু করা গেলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ১১টি উপজেলায় এক লাখ এক হাজার ৮৪৫ হেক্টর জমিতে সেচের মাধ্যমে ইরি, বোরো চাষাবাদ সম্ভব হবে।পানি উন্নয়ন বের্ডের ফেনী নির্বাহী প্রকৌশলী মো. রফিক উল্লাহ বলেন, কাজিরহাট স্লুইচগেটটি ৪৫ বছর আগে পুরোনো প্রযুক্তিতে নির্মাণ করা হয়। মুছাপুর স্লুইসগেট নির্মাণ শেষে কাজিরহাটেরটি শুধু সড়ক হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল। কিন্তু জোয়ারে পানিতে সেটি তলিয়ে যাওয়ায় এখন সড়কও থাকল না।