পাঁচ হাজারের বেশি পরিবার ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ পর্যায় অতিক্রম করায় কমপক্ষে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে। এ ছাড়া কয়েক হাজার পরিবার পানির মধ্যে আটকে পড়েছে, বলে জানা গেছে। প্রশাসন হ্রদে পানি বাড়ার কারণে লোকজনের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা নিশ্চিত করে বলেছে এসব ঘর হ্রদের পানি ওঠানামার নির্ধারিত সীমার নিচে তৈরি করা হয়েছে। যোগাযোগ করলে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ৩৩ মেট্রিক টন চাল ও ৪০ হাজার টাকা বিভিন্ন উপজেলায় পাঠানো হয়েছে। তবে হ্রদের পানি ওঠানামার নির্ধারিত সীমার নিচে বাড়িঘর নির্মাণের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা হ্রদের পানি বাড়ার কারণে লোকজনের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন বলে জানান তিনি।জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখায় যোগাযোগ করে জানা যায়, ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ১০ মেট্রিক টন, লংগদুতে ১০ মেট্রিক টন, বাঘাইছড়িতে সাত মেট্রিক টন, নানিয়ারচর ও জুরাছড়িতে তিন মেট্রিক টন করে খাদ্যশস্য এবং এসব উপজেলায় নগদ ৪০ হাজার টাকা পাঠানো হয়েছে। এ ছাড়া বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় ক্ষতিগ্রস্ত থাকলেও কোনো ত্রাণসামগ্রী এ পর্যন্ত পাঠানো হয়নি। জেলায় পাঁচ হাজারের বেশি পরিবার হ্রদের পানিতে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ত্রাণ ও পুনর্বাসন শাখা জানায়।এদিকে, কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট চালু রেখে প্রতি সেকেন্ডে ১৯ হাজার কিউসেক পানি ছেড়ে দেওয়ার পরও হ্রদে পানি বৃদ্ধি কিছুটা রোধ করা গেলেও উচ্চতা এখনো সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে এ অবস্থা চলছে। তবে হ্রদে যথেষ্ট পরিমাণ পানি থাকায় পানিবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, কাপ্তাই হ্রদে প্রতিবছর বর্ষা মৌসুমে পানি জমা রাখা হয়। পরে ওই পানি ছেড়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। হ্রদ এলাকার পানি ওঠানামার নিয়ম (রুলকার্ভ) অনুযায়ী সর্বোচ্চ উচ্চতা ১০৯ এমএসএল (মিন সি লেবেল) থাকে ৩১ সেপ্টেম্বর। তবে অনাবৃষ্টির কারণে প্রায় সময় ওই পরিমাণ পানি তোলা সম্ভব হয় না। এ অবস্থায় হ্রদ এলাকার বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ বাড়িঘর নির্মাণ করে বসবাস করে। জানা গেছে, পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ হ্রদে পানি তোলার সর্বশেষ সময়েও নির্দিষ্ট সীমা পর্যন্ত পানির উচ্চতা ঠিক রাখতে পেরেছিল। কিন্তু এ মাসের দ্বিতীয় সপ্তাহে নিম্নচাপজনিত কারণে হঠাৎ ভারী বর্ষণ হওয়ায় হ্রদে পানি বেড়ে যায়। কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক মো. ফেরদৌস আলী জানান, কাপ্তাই হ্রদের পানির সর্বোচ্চ উচ্চতা ঠিক রাখতে বাঁধের স্পিলওয়ে (পানি নির্গমন পথ) দিয়ে প্রতি সেকেন্ডে ১৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। এর চেয়ে বেশি পানি ছাড়া হলে বাঁধের নিচের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি আরও জানান, বর্তমানে হ্রদে যথেষ্ট পরিমাণ পানি থাকায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।