পাঁচজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বন কর্মকর্তা মিজানুর রহমান অপহরণ ও হত্যার চেষ্টা মামলার পাঁচ আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

জানতে চাইলে কোর্ট-পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত পাঁচ আসামি মৌলভী ছৈয়দ কাশেম (৩৫), মো শাকের (২০), আনোয়ার (৪৮), বদি আলম (৫২) ও নূর মোহাম্মদ (২৭) রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর একদল ভূমিদস্যু টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমানকে অপহরণের পর ধারালো অস্ত্র দিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঢুকিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনার পর ৩০ সেপ্টেম্বর সোমবার রাতে শীলখালী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

এ মামলার ১০ আসামির মধ্যে পাঁচজন ৬ অক্টোবর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত রোববার প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামের তৃতীয় পৃষ্ঠায় ‘পেরেক ঢুকিয়ে বন কর্মকর্তাকে হত্যার চেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক মিজবাহ উদ্দীন বলেন, ‘গত রোববারের প্রথম আলোতে প্রকাশিত সংবাদে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে যে তথ্য পরিবেশন করা হয়, তা সঠিক নয়। আদালত ১০ আসামিকে আগাম জামিন দেননি। প্রকৃতপক্ষে ৩ অক্টোবর পাঁচজনকে জামিন দেওয়া হয়েছিল।’