পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড় কাটা মামলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বুলডোজারচালকসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মামলায় তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার গত ১৭ জুলাই এ অভিযোগপত্র দাখিল করেন।পুলিশ ও মামলার অভিযোগপত্রে জানা যায়, গত ১৬ মার্চ খাগড়াছড়ি সওজ বিভাগ থেকে মো. আবুল হাশেম নামের এক ঠিকাদার উপজেলার চংড়াছড়ি বাজার উন্নয়ন করার নামে দৈনিক পাঁচ হাজার টাকায় একটি বুলডোজার ভাড়া নেন। ১৭ মার্চ ভোরে বুলডোজারটি দিয়ে মধ্য বেতছড়ি এলাকায় আবুল হোসেন নামের অপর ব্যক্তির পাহাড় কাটার সময় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খবর পেয়ে প্রশাসনকে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা সওজের এফএল-২৩০ আই নম্বরের বুলডোজারটি আটক এবং এর চালক চাইথোয়াই মারমা ও পাহাড় কর্তনকারী আবুল হোসেনের ছেলে মো. ছালামকে গ্রেপ্তার করেন। ওই দিনই অবৈধভাবে পাহাড় কাটার দায়ে আবুল হোসেন, তাঁর দুই ছেলে নুরুল আলম, মো. ছালাম এবং বুলডোজারচালক চাইথোয়াই মারমাকে আসামি করে ইমারত নির্মাণ আইন-১৯৫২ সংশোধনী ১৯৯০-এর ১২(১) (ক) ধারায় থানায় মামলা করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার জানান, তদন্ত শেষে গত ১৭ জুলাই আদালতে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আবুল হোসেন, তাঁর দুই ছেলে নূরুল আলম ও মো. ছালাম, সওজের বুলডোজারচালক চাইথোয়াই মারমা এবং ঠিকাদার আবুল হাশেম।