২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় কোমর বেঁধে নেমেছেন কাউন্সিলর প্রার্থীরা। কোনো কোনো প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শোনা গেলেও প্রার্থীদের এ মুহূর্তে যেন দম ফেলার ফুরসত নেই। নির্বাচন কমিশন সূত্র মতে, এ ওয়ার্ডে মোট কাউন্সিলর প্রার্থী ১৩ জন। এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী একাধিক। এঁরা হলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম আকবর, বিএনপির নেতা খলিলুর রহমান, সৈয়দ আবুল ফয়েজ ও জুনাব আলী। অন্য দিকে আওয়ামী লীগ সমর্থিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, মো. আনোয়ার হোসেন, আবুল মহসীন, মীর জাহান চৌধুরী ও রেজাউল করিম। জামায়াত সমর্থিত প্রার্থী হয়েছেন মীর মোহাম্মদ মোশারফ এবং জাতীয় পার্টি সমর্থিত দিদারুল আলম চৌধুরী। এ ছাড়াও প্রার্থী হয়েছেন আবুল বশর চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম (বটতল এলাকার)। দক্ষিণে বায়েজিদ বোস্তামি সড়কের বিআরটিসিসংলগ্ন খন্দকিয়া ছড়া পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা নিয়ে জালালাবাদ ওয়ার্ডের অবস্থান। এ ওয়ার্ডের আয়তন ১৪ বর্গমাইল। জনসংখ্যা তিন লাখ। ভোটার ৭৮ হাজার। এ ওয়ার্ডের শিল্পকারখানা অধ্যুষিত এলাকা বায়েজিদ ও শেরশাহ কলোনি থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নেমেছেন সাতজন। অন্যদিকে উত্তর ও কূলগাঁও থেকে প্রার্থী হয়েছেন ছয়জন। ভোটারেরা মনে করেন, বর্তমান ওয়ার্ড কাউন্সিলর কাজী মোবাশ্বের আহমদ ব্যক্তিগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় মূলত এ ওয়ার্ডে লড়াই হবে প্রায় সমানে সমান। কূলগাঁও এলাকার বাসিন্দা মো. ফোরকান, সোলায়মান খান, আরাফাত হোসেন, দেলোয়ার হোসেনসহ আরও একাধিক প্রবীণ ভোটার মনে করেন, এ ওয়ার্ডে প্রার্থীর জয়-পরাজয়ে ভাসমান ভোটারেরাই মুখ্য ভূমিকা পালন করবেন। কোনো কোনো ভোটারের মতে, এ ওয়ার্ডে লড়াই হবে পঞ্চমুখী। মূল প্রতিদ্বন্দ্বিতায় আসবেন বিএনপির নেতা আবুল ফয়েজ, সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত ফরিদ আহমদ চৌধুরী, বিএনপির নেতা এসএমজি আকবর ও বালুছড়া এলাকার প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো. ইব্রাহিম। শেরশাহ কলোনি এলাকার ভাসমান ভোটার করিম চাঁদ, দুলাল মিয়া, রমিজা খাতুন ও জামাল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নির্বাচন এলে প্রার্থীরা হাতে-পায়ে ধরে আমাদের ভোট নেন। কিন্তু নির্বাচিত হলে তাঁদের আর খোঁজ থাকে না।’ মধুচন্দ্রিমা নামের এক গৃহবধূ বলেন, ‘গত ১০ বছরে দুবার ভোট দিছি। হেরা (নির্বাচিত জনপ্রতিনিধি) চন্দ্রনগর থেকে চৌধুরীনগর, বাংলাবাজার থেকে ডেবার পাড়, কুঞ্জচ্ছায়া সড়ক করে দিবার কথা বইল্যা ভোট নিছে। কিন্তু কামতো তাঁরা করে নাই।’ ট্যানারির বর্জ্য গিয়ে পড়ছে ধানী জমিতে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় লোকজন। অতীতে প্রার্থীরা বর্জ্য শোধনে উদ্যোগ নেওয়ার কথা বললেও তা বাস্তবায়ন হয়নি। তাঁর মতো শেরশাহ ও বায়েজিদ এলাকার ভোটারেরা বলেছেন, ‘যেহেতু এখানকার ভাসমান ভোটারেরাই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের জয়-পরাজয়ে মুখ্য ভূমিকা পালন করবেন সেহেতু যে প্রার্থী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তাঁকেই আমরা ভোট দেব।’