পাঁচটি শ্রেণীকক্ষই আসবাবহীন পাহাড়তলী ডিগ্রি কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি শ্রেণীকক্ষেই কোনো আসবাবপত্র নেই। ফলে ইচ্ছে থাকলেও পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি করা যায় না। ১০০ কম্পিউটার শিক্ষার্থীর জন্য কম্পিউটার আছে মাত্র পাঁচটি। বিজ্ঞানাগারের যন্ত্রপাতিগুলোতে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ থেকে মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ায় শ্রেণীকক্ষে ঢুকলেই শিক্ষক-শিক্ষার্থীদের মনে আতঙ্ক বিরাজ করে। এমনই নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছেন পাহাড়তলী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। নগরের পাহাড়তলী এলাকায় প্রায় সাড়ে ১১ একর জায়গার ওপর পাহাড়তলী ডিগ্রি কলেজ ১৯৬৫ সালে স্থাপিত হয় ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে। ১৯৭১ সালে এটি ডিগ্রি কলেজে উন্নীত হয়। ২০০৯ সালে চালু হয় সম্মান (অনার্স) কোর্স। তবে তা কোর্স চালু রয়েছে শুধু হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে। সব বিভাগে শিক্ষার্থী রয়েছেন এক হাজার ২০০ জন।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চার হাজার ৫৩৫ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত কলেজে একাডেমিক ভবন রয়েছে তিনটি। শ্রেণীকক্ষ আছে ২৭টি। এর মধ্যে পাঁচটি শ্রেণীকক্ষই বন্ধ অবস্থায় পড়ে আছে কোনো চেয়ার-টেবিল না থাকায়। প্রতিটি কক্ষের শিক্ষার্থী ধারণক্ষমতা ১৫০ জন। কিন্তু আসবাবপত্রের অভাবে শিক্ষার্থী ভর্তি করাতে পারছে না কর্তৃপক্ষ। সূত্র মতে, প্রয়োজনীয় অর্থের অভাবে আসবাব কেনা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা জানান, কলেজে কোনো মিলনায়তন নেই। ফলে বিভিন্ন অভ্যন্তরীণ অনুষ্ঠান করতে হয় খোলা মাঠে। কিন্তু মাঠটাও সংস্কারের অভাবে এবড়োখেবড়ো হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রায় সময় কলেজের বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে। যেকোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা। জানালার কাচ ভেঙে যাওয়ায় বর্ষাকালে বৃষ্টির পানি ঢুকে শ্রেণীর কাজে ব্যাঘাত ঘটায়। কলেজের ছাত্রী পারভীন সুলতানা বলেন, ‘কলেজে কোনো মিলনায়তন নেই। ফলে সব ধরনের জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠেই করতে হয়। বিজ্ঞানাগারের যন্ত্রপাতিগুলোতে মরিচা ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টুলগুলো ভাঙাচোরা হওয়ায় বসতে সমস্যা হয়।’অধ্যক্ষ মোহাম্মদ হাসান খান বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘সমস্যাগুলো সমাধানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অর্থাভাবে কিছু করতে পারছি না। ১৯৯৫ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে দোতলা একটি ভবন নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলাম। ওই টাকা দিয়েই বিজ্ঞান ভবন নির্মাণ করা হয়। গত ১৫ বছরে আর কোনো অনুদান পাওয়া যায়নি। সরকারি-বেসরকারি পর্যায় থেকে অনুদান পাওয়া গেলে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’