পাঁচতারা হোটেলে বড়দিনের নানা আয়োজন
২৫ ডিসেম্বর বড়দিন। দিনটি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। এ ছাড়া দেশের বড় হোটেলগুলো প্রতিবারের মতো এবারও বড়দিনে আকর্ষণীয় উৎসবের আয়োজন করেছে। এ প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি এরই কয়েকটি খবর।দ্য ওয়েস্টিন ঢাকাঢাকার গুলশান এভিনিউয়ে অবস্থিত দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলটি বড়দিন উপলক্ষে আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। এরই মধ্যে হোটেলটি সাজানো হয়েছে নানা আলোকসজ্জা ও ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনে এখানে শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস পার্টি নামের একটি বিশেষ পার্টি। ২৫ তারিখ সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত এ শিশুতোষ উৎসবে সান্তাক্লজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে, থাকবে যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতা, নানা ধরনের খেলার আয়োজন, যুক্তরাজ্য থেকে আগত জাদুশিল্পীর জাদু প্রদর্শনী, ছবি তোলার আয়োজন। এ উৎসবে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার ২৫০ টাকা। এ ছাড়া রেস্টুরেন্টে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে। ফোন: ৯৮৯১৯৮৮।ঢাকা রিজেন্সিবড়দিনে নানা অয়োজন করেছে ঢাকা রিজেন্সি। ক্রিসমাসের দিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিশুদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের নানা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সান্তাক্লস হাজির হবেন এসব রকমারি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এ ছাড়া জাদুর প্রদর্শনী, পপকর্ন কর্নার, পুতুলনাচ, সুইমিংপুলে সাঁতার কাটার ব্যবস্থাসহ নানা আয়োজন থাকছে ঢাকা রিজেন্সিতে। এর জন্য জনপ্রতি ৭৫০ টাকা খরচ পড়বে।ফোন: ৮৯১৩৯১২।প্যান প্যাসিফিক সোনারগাঁওবড়দিন বরণ করতে এবার নানা আয়োজন করছে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। হোটেলের ভেতর ও বাইরে সাজানো হয়েছে রঙিন বাতি আর ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনের আগে ও বড়দিনের দিন থাকছে রাতের খাবারের বিশেষ ব্যবস্থা। এতে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। এ ছাড়া এর ভেতরের রেস্তোরাঁয় বিশেষ ডিনারের ব্যবস্থা রয়েছে। বিশেষ খাবারের এ আয়োজনে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। হোটেলটির সুইমিংপুলে থাকছে শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান। এখানে শিশুদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা, ফ্যাশন শো, মিনি চিড়িয়াখানা প্রদর্শনী, জাদু প্রদর্শনী রকমারি খাবারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জনপ্রতি খরচ পড়বে ৮০০ টাকা। বড়দিন উপলক্ষে মজাদার নানা কেক ও কুকিজ পাওয়া যাচ্ছে হোটেলটিতে। ফোন: ৮১১১০৩২।র্যাডিসন ওয়াটার গার্ডেনবড়দিনের অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন করতে হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের লবি এরই মধ্যে উৎসবের আমেজে সাজানো হয়েছে। স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস গাছ। এ ছাড়া থাকছে সান্তাক্লজ ও স্নো ফ্লেইকস। উৎসবের দিনে আনন্দ উপভোগ করতে বিশেষ আয়োজন থাকছে র্যাডিসন ওয়াটার গার্ডেনের চারটি রেস্তোরাঁয়। প্রতিটি রেস্টুরেন্টেই থাকছে ক্রিসমাসের স্পেশাল খাবার। ক্রিসমাস স্পেশাল কেক ও পেস্ট, ক্রিসমাস পুডিং, ইউল লগ, ফ্রুট কেকসহ আরও মুখরোচক খাবার পাওয়া যাবে চিটচ্যাট ডেল্রি ক্যাফে থেকে। অন্যদিকে সিগনেচার রেস্টুরেন্ট সাবলাইম-এ থাকছে ক্রিসমাস নাইট স্পেশাল ডিনার। এশিয়ান ফুড খেতে চাইলে চলে আসতে পারেন স্পাইস অ্যান্ড রাইস রেস্টুরেন্টে, বৈচিত্র্যময় এশিয়ান খাবার থেকে বেছে নিতে পারবেন পছন্দমতো রাতের খাবার। ক্রিসমাসের লাঞ্চ ও ডিনার উপভোগ করা যাবে ওয়াটার গার্ডেন ব্রেসারিতে, যেখানে থাকছে স্টাফড টার্কির সঙ্গে ক্র্যানবেরি সস, সঙ্গে থাকছে স্মোকড সি-ফুড এবং আরও অনেক সুস্বাদু খাবার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড দল স্ট্রেইট ওয়াইজ সপ্তাহব্যাপী তাদের সুরের মূর্ছনায় উজ্জীবিত করবে উৎসবের আমেজ। ফোন: ৮৭৫৪৫৫৫।হোটেল শেরাটন২৫ ডিসেম্বর ঢাকার হোটেল শেরাটনের বলরুমে আয়োজন করা হয়েছে শিশুদের জন্য বিশেষ এক উৎসব—ক্রিসমাস চিলড্রেন পার্টি। এ উৎসবে শিশুদের জন্য আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইসক্রিম, জুস খাওয়ার ব্যবস্থা, এর সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন। উৎসবে শিশুদের নানা আনন্দ দিতে হাজির হবেন সান্তাক্লজ। এতে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে ৫০০ টাকা। এ ছাড়া হোটেলটিতে বড়দিনের আগের দিন ও বড়দিনে থাকছে বিশেষ খাবারের আয়োজন। এর জন্য জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। ফোন: ৮৩৩০০০১।