পাঁচফোড়নের এক ফোড়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেথি পারে নানা রকম রোগ প্রতিরোধ করতে। ছবি: অধুনা
মেথি পারে নানা রকম রোগ প্রতিরোধ করতে। ছবি: অধুনা

রান্নায় ব্যবহৃত পাঁচফোড়নের একটি উপাদান মেথি। শুধু কি রান্নাবান্নায় ব্যবহৃত হয় মেথি? বিশেষজ্ঞরা বলছেন, না। মেথি কখনো মসলা, কখনো সবজি, আবার কখনো পথ্য হিসেবে হরহামেশাই কাজে লাগে।
বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদ বলেন, ‘১০০ গ্রাম মেথিতে কার্বোহাইড্রেট ৬ গ্রাম, প্রোটিন ৪.৪ গ্রাম, ক্যালসিয়াম ৩৯৫ মিলিগ্রাম, ফসফরাস ৫১ মিলিগ্রাম, আয়রন ২ মিলিগ্রামসহ প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান থাকে। নিয়মিত মেথি খেলে অনেক রোগবালাই দূরে থাকে।’ ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের গবেষকেরাও বলেছেন, মেথি শরীরে গ্লুকোজের মাত্রাকে কমিয়ে আনার সঙ্গে সঙ্গে রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এবং চর্বির মাত্রা কমাতেও সাহায্য করে। এবার মেথির উপকারী আর প্রতিরোধী দিকগুলো জেনে নেওয়া যাক।
 শীত একটু করে আসছে। বাড়ছে সর্দি-কাশিও। নিয়মিত মেথি খেলে সর্দি-কাশি পালাবে।
 রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায়, ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি।
 মেথি ভেজানো পানি খেলে পেটের সমস্যা দূর হয়। এমনকি পেপটিক আলসার সারিয়ে তুলতেও সাহায্য করে।
 গলার ব্যথা কমাতে মেথি খুব কার্যকর। অল্প পানিতে মেথি সিদ্ধ করে সেই পানি দিয়ে গড়গড়া করলে গলার সংক্রমণ দূর হয়।
 নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধক্ষমতাও বাড়ে।
 মেথি আয়রনসমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে।
 মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হলো মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।
 ক্যানসার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন এবং কোলন ক্যানসার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য।
 মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম।
 তারুণ্যকে দীর্ঘস্থায়ী করার বিস্ময়কর এক ক্ষমতা আছে মেথির। যারা নিয়মিত মেথি খান তাদের বুড়িয়ে যাওয়ার গতিটা অত্যন্ত ধীর হয়।
অধুনা প্রতিবেদক