পাঁচমিশালি রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে দুই সহকর্মীর মধ্যে কথা হচ্ছে। প্রথম সহকর্মী বলছে, ‘বুঝলেন ইদ্রিস সাহেব, বুদ্ধি থাকলে সবই হয়। আমার বুদ্ধি আছে বলেই বড় খরচের হাত থেকে বেঁচে গেলাম।’ দ্বিতীয় সহকর্মী এতক্ষণ কাজে ডুবে থাকলেও যখন খরচ থেকে বেঁচে যাওয়ার কথা শুনল তখন কান খাড়া করল, ‘কী রকম?’ প্রথম সহকর্মী আবার বলতে শুরু করল, ‘সেদিন আমার ছোট ছেলেটা চিড়িয়াখানায় যাওয়ার জন্য বায়না ধরল। অনেক করে বোঝালাম। কিন্তু কে শোনে কার কথা। চিড়িয়াখানায় সে যাবেই। অজগর সে দেখবেই। এরপর আমি বুদ্ধি করে বাড়িতে বসিয়েই অজগর দেখিয়ে দিলাম।’ দ্বিতীয় সহকর্মী বেশ অবাক হলেন, ‘বলেন কী! বাড়িতে অজগর পেলেন কোথায়?’ প্রথম সহকর্মী হাসতে হাসতে বললেন, ‘একটা কেঁচো ধরে আনলাম। তারপর একটা আতশী কাঁচ দিয়ে এই কেঁচোটাই দেখিয়ে বললাম, এই দেখো অজগর।’দুই অভিভাবক তাদের সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করছে।‘তা আপনার ছেলে অঙ্কে কত পেল?’ দ্বিতীয় অভিভাবকের জবাব, ‘পঁচানব্বই।’ শুনে প্রথম অভিভাবক প্রায় লাফিয়ে উঠে বললেন, ‘বলেন কী আপনি! পঁচানব্বই? আপনার এক ছেলেই পঁচানব্বই পেয়েছে? পঁচানব্বই পেলে তো আমার দু-দুটো ছেলে পাস করে যেত।’এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল, ‘কিরে, গর্ত খুঁড়ছিস কেন?’ ‘ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।’ ‘ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?’ ‘হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।’ এবার দ্বিতীয় জন বিষয়টা বুঝতে পেরে বলল, ‘তা কয় কপি ছবি তুলবি?’ প্রথম জন জানাল, ‘তিন কপি।’ দ্বিতীয় জন রেগে গিয়ে বলল, ‘আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।’দুই সিংহ বসে গাছতলায় জিরোচ্ছে। একটি মা সিংহ, আরেকটি বাচ্চা সিংহ। এমন সময় বাচ্চা সিংহটি দেখতে পেল একটি হরিণ এদের দেখে দ্রুত দৌড়ে পালাচ্ছে। বাচ্চা সিংহটি তার মাকে বলল, ‘আচ্ছা মা, এই যে দ্রুত দৌড়ে যাচ্ছে, এটা কী?’ মা সিংহের জবাব, ‘ফাস্ট ফুড।’এক রোগী ডাক্তারের কাছে গেল ইনজেকশন নেওয়ার জন্য। ইনজেকশনের কথা শুনে রোগী যতটা না ব্যথার কথা চিন্তা করল, তার চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়ল গায়ে ইনজেকশনের যদি কোনো দাগটাগ পড়ে এই ভেবে! তাই সে ডাক্তারকে বলল, ‘ডাক্তার সাহেব, ইনজেকশন দিলে তো গুটি হয়ে থাকতে হতে পারে। আবার জায়গাটা কালোও হয়ে যেতে পারে। আপনি এক কাজ করেন, ইনজেকশনটা এমন জায়গায় দিন, যেন কেউ দেখতে না পায়।’ ডাক্তার বলল, ‘তাহলে আপনার জিহ্বাটা বের করুন।’এক ছাত্রকে টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হলো। ছাত্রটি তখন পরীক্ষা দিচ্ছিল। প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কেন তাকে ধরে আনা হয়েছে। বলা হলো, সে নকল করছিল। ‘কী, এত বড় সাহস! নকল করছিল!’ ‘জি, স্যার! নকল করছিল। প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত। স্যার, সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল।’এক লোক অনেক দিন ধরে চুলকানির সমস্যায় ভুগছে। একদিন সে গেল এলাকার এক ডাক্তারের কাছে। ডাক্তার রোগীর রোগের ইতিহাস শুনে অনেকক্ষণ চিন্তাভাবনা করে এক ডোজ ওষুধ দিলেন। রোগী খুশি হয়ে বলল, ‘এবার আমার চুলকানি চিরতরে সারবে তো?’ ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন, ‘এটা চুলকানি সারার ওষুধ না।’ রোগী অবাক হয়ে বলল, ‘এটা চুলকানি সারার ওষুধ না তো কিসের ওষুধ?’ ডাক্তার আগের মতোই বললেন, ‘এই ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড় হওয়ার জন্য, যাতে চুলকিয়ে আরাম পান।’