পাইকারি বাজারে দাম কমার প্রভাব পড়েনি খুচরায়
খাতুনগঞ্জের পাইকারি বাজারে গত মাসে চিনির দর ওঠে প্রতি মণ দুই হাজার ১৫০ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় গত বৃহস্পতিবার চিনি লেনদেন হয় মণপ্রতি এক হাজার ৮৫০ টাকায়। অর্থাৎ প্রতি মণে দাম কমেছে ৩২০ টাকা, কেজি হিসেবে প্রায় সাড়ে আট টাকা। তবে এখনো খুচরা বাজারে এর প্রভাব পুরোপুরি পড়েনি। খুচরা বাজারে কেজিপ্রতি ৬০ টাকা থেকে কমে চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকা! অর্থাৎ পাইকারি বাজারে কেজিতে কমেছে আট টাকা, খুচরায় দুই টাকা।অনুসন্ধানে জানা গেছে, চিনির মতো চাল, পাম ও সয়াবিন তেল, গম, মসুর ও মটর ডাল—এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমছে পাইকারি বাজারে। দাম কমতে থাকায় লেনদেনও কমে গেছে। ব্যবসায়ীরা মনে করেন, পাইকারি বাজারে দাম কমার কারণ আন্তর্জাতিক বাজারের প্রভাব। যেমন, ভারতের চিনি রপ্তানির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে দাম কমছে চিনির। মালয়েশিয়ায় পামতেলের উৎপাদন বাড়ার ঘোষণায় দাম পড়তির দিকে ভোজ্যতেলের। প্রতি টন পামতেলের দাম কমেছে ১৪৫ মার্কিন ডলার, কেজিপ্রতি প্রায় ১০ টাকা। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুরুল আলম প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় পাইকারি বাজারে প্রায় সব ভোগ্যপণ্যের দাম কেজিপ্রতি সর্বোচ্চ আট টাকা পর্যন্ত কমেছে। অথচ খুচরায় এক থেকে দুই টাকার বেশি কমেনি। খুচরা ব্যবসায়ীরা আগের দরে কেনার অজুহাত দিয়ে এখনো বেশি দামে বিক্রি করছেন বলে তিনি মন্তব্য করেন।চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় চট্টগ্রাম বন্দর দিয়ে ভোগ্যপণ্য আমদানির হারও বেড়েছে। বন্দরের জাহাজ আসা-যাওয়ার সূচি থেকে দেখা গেছে, এ সপ্তাহে শুধু খাদ্যশস্যবাহী ২৩টি জাহাজ বন্দরে আসছে। এসব জাহাজে আছে প্রায় ছয় লাখ টন খাদ্যশস্য। এর মধ্যে জেটিতে ছিল ছয়টি জাহাজ এবং বহির্নোঙর ও বন্দরে আসার পথে ছিল ১৬টি জাহাজ। অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি আগের চেয়ে বেড়েছে। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, বন্দরে এখন খাদ্যশস্যের জাহাজ অন্য সময়ের চেয়ে বেশি। তবে খালাস কার্যক্রমে যাতে ব্যাঘাত না ঘটে সে জন্য এসব জাহাজ অগ্রাধিকারের ভিত্তিতে জেটিতে ভেড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। খাতুনগঞ্জ ঘুরে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম কমেছে কেজিপ্রতি সর্বোচ্চ আট টাকা। যেমন—দুই সপ্তাহ আগেও পামতেল সর্বোচ্চ বিক্রি হয় প্রতি মণ তিন হাজার ৭৫০ টাকা। গত বৃহস্পতিবার পাম তেল বিক্রি হয় মণপ্রতি তিন হাজার ৪৫০ টাকায়। অর্থাৎ প্রতি মণে ৩০০ টাকা এবং কেজি হিসেবে দাম কমেছে প্রায় আট টাকা। একইভাবে প্রতি মণ সয়াবিনের দাম চার হাজার ২০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে তিন হাজার ৯৮০ টাকা। একইভাবে ভিয়েতনাম থেকে আমদানি করা চাল প্রতি দুই মণ দুহাজার ৩০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে দুহাজার ৫০ টাকা। ময়দা তৈরির প্রতিমণ গম এক হাজার ১০০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৯৮০ টাকা। গোটা মসুর ডাল দুই হাজার ৫০০ টাকা থেকে কমে দুহাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী সাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমতে থাকায় এখানেও দাম কমেছে। এটা বাজারের স্বাভাবিক নিয়ম। তবে পাইকারি বাজারে যে হারে কমছে খুচরায় সেই হারে কমছে না বলে মন্তব্য করেন তিনি। পাইকারি বাজারের প্রভাব তাৎক্ষণিকভাবে খুচরা বাজারে পড়লে ভোক্তাদের জন্য আরও ভালো হতো। খুচরা বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কেজিপ্রতি সর্বোচ্চ আট টাকা কমলেও খুচরায় কমেছে এক থেকে দুই টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তালিকায় দেখা গেছে, মোটা চালের দাম এক টাকা কমে বিক্রি হচ্ছে ৩৪-৩৬ টাকা। চিনির দাম কমেছে এক থেকে দুই টাকা। এ ছাড়া আটা ও ময়দার দাম কমেছে এক থেকে দুই টাকা। রিয়াজউদ্দিন বাজারে গতকাল দেখা যায়, খোলা সয়াবিন তেল এখনো কেজিপ্রতি ১১৮ টাকায় বিক্রি হচ্ছে। পামতেলও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০৬ টাকায়। এ ছাড়া চিনি কেজিপ্রতি ৫৮ টাকা, আটা ৩৫ টাকা এবং ময়দা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল বিক্রি হচ্ছে ৩২-৩৩ টাকায়।রিয়াজউদ্দিন বাজারের খুচরা ব্যবসায়ী মো. ইউনুছ প্রথম আলোকে বলেন, বেশির ভাগ ভোগ্যপণ্যের দাম কেজিপ্রতি এক থেকে দুই টাকা কমেছে। দুই টাকা কমে চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকা। এ ছাড়া মোটা চালের দাম এক টাকা কমে বিক্রি হচ্ছে ৩২-৩৩ টাকা। তিনি বলেন, পাইকারি বাজারে দাম কমলেও খুচরায় পুরোপুরি প্রভাব পড়তে সময় লাগবে। কারণ পাইকারি বাজারে দাম কমলেও এখনো বোতলজাত ভোজ্যতেলের দাম কমায়নি কোম্পানিগুলো। তবে পাইকারি বাজারে দাম কমার হার অব্যাহত থাকলে খুচরা বাজারেও প্রভাব পড়তে বাধ্য।সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দাম কমতির দিকে থাকলেও ভোক্তাদের দুশ্চিন্তা যেন কমছেই না। খোলা বাজারে চাল বিক্রির কর্মসূচিতে এখনো মানুষের দীর্ঘ লাইন। তেমনই একজন সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘খুচরা বাজারে দাম কমছে এক থেকে দুই টাকা। এই দাম কমার পরও দুর্ভোগ খুব বেশি কমছে না।’