পাইকারিতে দ্রুত খুচরায় দাম কমছে ধীরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ভোজ্যতেল ও চিনির সরবরাহ বেড়েছে। গত তিন মাসে চাহিদার চেয়ে এই দুটি পণ্য অন্তত তিন লাখ টন বেশি আমদানি হয়েছে। এতে পাইকারি বাজারে দাম কমলেও খুচরায় সেই হারে প্রভাব পড়েনি। কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গত তিন মাসে চিনি আমদানি হয়েছে সোয়া পাঁচ লাখ টন। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, প্রতি মাসে দেশে চিনির স্বাভাবিক চাহিদা প্রায় সোয়া লাখ টন। সে হিসাবে তিন মাসে স্বাভাবিক চাহিদার চেয়ে দেড় লাখ টন বেশি চিনি আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে এখন পাঁচটি জাহাজ থেকে খালাস হচ্ছে এক লাখ ৯৫ হাজার টন অপরিশোধিত চিনি। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে গত ৮ সেপ্টেম্বর খাতুনগঞ্জে পাইকারি বাজারে চিনির দাম ছিল প্রতি মণ দুই হাজার ৪০০ টাকা। গত বৃহস্পতিবার চিনির দাম কমে বিক্রি হয় দুই হাজার ১০০ টাকা। চিনির দাম কমেছে মণপ্রতি ৩০০ টাকা, কেজিতে কমেছে আট টাকা। অবশ্য বুধবার চিনির দাম ছিল সবচেয়ে কম, প্রতি মণ চিনি বিক্রি হয় দুই হাজার ২০ টাকায়। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রস্তুত চিনি আমদানি হওয়ায় চিনির দাম কমেছে। গত তিন মাসে প্রস্তুত চিনি আমদানি হয় প্রায় ৭৩ হাজার টন। বাজারে ভারতীয় চিনির দাম দেশীয় চিনি পরিশোধন কারখানার সরবরাহ করা চিনির দামের চেয়ে কম। ট্রেডিং করপোরেশ অব বাংলাদেশ-টিসিবির হিসাবে দেখা যায়, গত এক মাসে খুচরা বাজারে চিনির দাম কেজিপ্রতি পাঁচ থেকে ছয় টাকা কমেছে। শতকরা হিসাবে দাম কমার হার প্রায় আট শতাংশ। পাইকারি বাজারে চিনির দাম কমলেও খুচরায় প্রভাব পড়ছে দেরিতে। এ কারণে পাইকারি বাজারে দাম পড়ার প্রভাব তাৎক্ষণিকভাবে ভোক্তারা পাচ্ছে না। খুচরা বাজার কর্ণফুলী মার্কেটে গতকাল শনিবার চিনি বিক্রি হয় কেজিপ্রতি ৬২ টাকা। কর্ণফুলী মার্কেটের গিয়াস অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, গত বুধবার পাইকারি বাজারে কেজিপ্রতি চিনির দাম ছিল ৫৫ টাকা। পরদিন বৃহস্পতিবার দাম বেড়ে দাঁড়ায় ৫৮ টাকা। এ কারণে খুচরায় এখন ৬২ টাকা দরে চিনি বিক্রি হচ্ছে।চিনির মতো ভোজ্যতেলের সরবরাহও বেড়েছে। গত তিন মাসে ভোজ্যতেল আমদানি হয়েছে প্রায় চার লাখ ৬৮ হাজার টন। প্রতি মাসে স্বাভাবিক চাহিদা এক লাখ টন ধরা হয় ভোজ্যতেলের। এ হিসাবে চাহিদার চেয়ে প্রায় দেড় লাখ টন বাড়তি ভোজ্যতেল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, বন্দরে চার জাহাজে আসছে ৩৫ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত পামতেল।খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের ব্যবধানে ভোজ্যতেল পামের দাম কমেছে প্রতি মণে ১৫০ টাকা। কেজি হিসাবে দাম কমেছে চার টাকা। তবে সয়াবিনের দাম স্থিতিশীল রয়েছে।রিয়াজউদ্দিন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, এক মাসের ব্যবধানে খোলা পামতেলের দাম কমেছে কেজিপ্রতি চার টাকা। গতকাল শনিবার কেজিপ্রতি খোলা পামতেল ৯৬ টাকায় বিক্রি হয়। এক মাস আগে পামতেল বিক্রি হয়েছে কেজিপ্রতি ১০০ থেকে ১০২ টাকা। তবে সয়াবিনের দাম ওঠানামা করেনি। সয়াবিন তেল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১৮ থেকে ১২০ টাকা।রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আহমেদ কবির প্রথম আলোকে বলেন, ভোজ্যতেল ও চিনির দাম এখন এক মাস আগের তুলনায় কমেছে। পাইকারি বাজারের ওপর খুচরায় দাম ওঠানামা করছে বলে তিনি জানান।