‘ওয়াসা পাইপ বসাচ্ছে আর দুর্ভোগ পোহাচ্ছি আমরা। ভালো সড়কটি খুঁড়ে গর্ত করে ফেলা হয়েছে। রোদ থাকলে ধুলাবালু ও বৃষ্টি হলে পানি জমে গর্তগুলো জলাশয়ের আকার ধারণ করছে। গাড়ি চলছে হেলেদুলে। রাঙ্গুনিয়া থানা সদর থেকে বহদ্দারহাট টার্মিনাল আসার ৪০ মিনিটের পথ এখন দুই ঘণ্টারও বেশি লাগছে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বলেন রাঙ্গুনিয়ার পৌর এলাকার মুরাদনগরের বাসিন্দা বাংলাদেশ রেলওয়ের চাকরিজীবী কালু মিয়া (৫৫)। তিনি প্রতিটি কার্যদিবসে শহরে আসা-যাওয়া করেন।
যাত্রী ও চালকেরা জানান, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী; রাঙামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী উপজেলার আট লাখ মানুষ কাপ্তাই সড়ক দিয়ে শহরে যাতায়াত করে। প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ হাজারো যানবাহন। জেলার অন্য সব সড়কের চেয়ে এটি অপেক্ষাকৃত ভালো ছিল। কিন্তু ২০১১ সালের নভেম্বর মাস থেকে এ সড়কে চট্টগ্রাম ওয়াসা কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পাইপ বসাতে একপাশের ছয় ফুট চওড়া গর্ত করে কেটে ফেলে। এ কারণে পুরো সড়ক খানাখন্দে ভরে যায়।
কাপ্তাই যাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ জানান, পাইপ বসানোর পর বালু ও কংক্রিট দিয়ে গর্ত ভরাট করে ইট বিছিয়ে দেওয়ার পর তা দেবে যায়। এ কারণে ওই স্থানে গর্ত সৃষ্টি হয়, যার ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে যানবাহন গর্তে পড়ে প্রায় সময়ই বিকল হচ্ছে। লেগে আছে দুর্ঘটনা। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম অক্সিজেন রাস্তার মাথা থেকে পোমরা গোচরা চৌমুহনী পর্যন্ত ২২ কিলোমিটারের মধ্যে প্রায় ২৬টি স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। পাইপ বসানোর স্থান দেবে জমে গেছে বৃষ্টির পানি। যেখানে যানবাহনের চাকা দেবে যাচ্ছে। এতে নানা ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা।
বিরতিহীন সার্ভিসের বাসচালক আনিসুর রহমান (২৮) বলেন, সড়ক যখন ভালো ছিল, তখন চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্টেশন থেকে চট্টগ্রাম বহদ্দারহাট বাসস্টেশন পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়ক যেতে সময় লাগত সর্বোচ্চ এক ঘণ্টা। এখন সময় লাগে তিন ঘণ্টা।
সড়ক ও জনপদ (সওজ) বিভাগের রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের কার্যসহকারী রাসেল দেওয়ান বলেন, ২০০৪-০৫ সালে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে সড়কটির কাপ্তাই থেকে রাস্তার মাথা পর্যন্ত ৪৯ কিলোমিটার কার্পেটিং করা হয়। সেই থেকে এটি অক্ষত ছিল। কিন্তু ওয়াসার কারণে সবচেয়ে ভালো সড়কটি এখন খারাপ হয়ে গেছে।
সওজ বিভাগের চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, পাইপ বসানোর সঙ্গে সঙ্গে গর্ত ভরাট করে সড়ক মেরামত করে দেওয়ার শর্ত রয়েছে। কিন্তু এর মধ্যেই শর্ত লঙ্ঘন করে ওয়াসা অনেক কিছু করছে। এ নিয়ে একাধিক প্রতিবেদন দেওয়া হলেও ওয়াসা কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।
চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল করিম বলেন, সড়কটি গর্ত খুঁড়ে পাইপ বসানোর পর পরই গর্ত ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বর্ষার পানির কারণে কোনো কোনো স্থান হয়তো একটু দেবে গেছে। কোথাও ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার পর সবকিছু মেরামত করে দেওয়া হবে।