পাইরেট পার্টির জয়জয়কার
ডিজিটাল অধিকার আদায়ের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছিল তারা। কিন্তু ধীরে ধীরে তারা পরিণত হয়েছে রাজনৈতিক শক্তিতে। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনসহ বিভিন্ন দেশের নির্বাচনে জয়লাভ করেছে তারা। বলা হচ্ছে পাইরেট পার্টিগুলোর কথা।দলগুলোর একটি জার্মান পাইরেট পার্টি। সম্প্রতি জার্মানির বার্লিনের স্টেট পার্লামেন্ট নির্বাচনে দলটি খুবই ভালো ফলাফল করেছে। নির্বাচনে দলটির ১৫ জন প্রার্থীর সবাই জয়লাভ করে।অস্ট্রেলিয়া, রাশিয়া, তিউনিসিয়া, মেক্সিকোসহ অন্যান্য দেশে এই আন্দোলনের প্রতি ক্রমবর্ধমান জনসমর্থনের মধ্যে জার্মানির পাইরেট পার্টি নির্বাচনে ভালো ফল করল।প্রথমে ডিজিটাল ফাইল বিনিময়ের বিষয়টি মানুষের নজরে এনে খবরে উঠে আসে পাইরেট পার্টিগুলো। কিন্তু সম্প্রতি দলগুলো নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ভালো করেছে।ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে পাইরেট পার্টিগুলো নিজেদের ব্যতিক্রমী দক্ষতাকে কাজে লাগিয়েছে। দলগুলোর সাফল্যের পেছনে এটাও একটা কারণ।২০০৬ সালের জানুয়ারিতে সুইডেনে প্রথম পাইরেট পার্টির জন্ম। এরপর থেকে বিশ্বব্যাপী পাইরেট পার্টির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০টিরও বেশি।ইলেকট্রনিক ফাইল শেয়ারিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট সুইডেনের পাইরেট বে ওয়েবসাইটের শাখা হিসেবে সুইডিশ পাইরেট পার্টির জন্ম।তথ্য পাওয়ার স্বাধীনতা, পেটেন্টের বিলুপ্তি, কপিরাইট সংস্কার ও গোপনীয়তা সুরক্ষাসহ ‘ডিজিটাল অধিকারের’ লড়াই করার জন্য দলটি প্রতিষ্ঠা করা হয়।কপিরাইট লঙ্ঘনসংক্রান্ত ঘটনায় ২০০৯ সালে পাইরেট বের চার প্রতিবাদীকে কারাদণ্ড ও বিপুল পরিমাণ অর্থদণ্ড করা হয়।এ ঘটনার পর এ দলের সদস্য সংখ্যা বেড়ে প্রায় ১৮ হাজারে গিয়ে দাঁড়ায়। ২০০৯ সালের ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে দলটি দুটি আসনে জয়লাভ করে।সুইডিশ পাইরেট পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা রিক ফকভিনজ বলেন, ‘আমরা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অর্জন করেছি।’সুইডিশ পাইরেট পার্টির সাফল্যের পর ২০১০ সালের এপ্রিলে বেলজিয়ামে আনুষ্ঠানিকভাবে পাইরেট পার্টিস ইন্টারন্যাশনাল (পিপিআই) গঠিত হয়। বিশ্বব্যাপী পাইরেট পার্টিগুলোর মধ্যে সহযোগিতা সহজতর করার লক্ষ্যে এই সংস্থা গঠিত হয়।বর্তমানে চারটি মহাদেশে ২৬টি দল পিপিআইর সদস্য ও পাঁচটি পর্যবেক্ষক সদস্য রয়েছে।পাইরেট পার্টিগুলোর সদস্যদের বেশির ভাগ তরুণ ও তথ্যপ্রযুক্তিতে শিক্ষিত। ২০১০ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পাইরেট পার্টির আট প্রার্থীর মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র ১৯ বছর। সবচেয়ে বেশি বয়সী প্রার্থীর বয়স ছিল ৪১ বছর।পাইরেট পার্টির সদস্য ইন্টারনেট ব্যবহারে দক্ষ ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রেও কুশলী।চেক পাইরেট পার্টি টুইটার, ইউটিউব ও ফেসবুকে সক্রিয়। যেখানে দলটির দলের পেইজ ‘লাইক’ করেছে ২৩ হাজারেরও বেশি মানুষ।ওয়াশিংটন পোস্ট পত্রিকার ডমিনিক বাসুলটো বলেন, কোনো একটি পাইরেট পার্টির একজন নেতার একটি টুইট তরুণ ভোটারদের জাগিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। জার্মান পাইরেট পার্টির নেতা সেবাস্টিয়ান নার্জ বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাঁদের দল সবকিছুর ঊর্ধ্বে কেবল অবাধ তথ্যপ্রবাহের জন্য কাজ করে না। তারা মৌলিক অধিকারের জন্য কাজ করা সামাজিক-উদারনৈতিক দল। তিনি বলেন, ‘আমরা রাজনীতির ধরনে মৌলিক পরিবর্তন আনতে চাই।’জার্মান ম্যাগাজিন মাক্স২১-এর সম্পাদক স্টেফান বোরনোস্ট বলেন, জার্মান পাইরেট পার্টির সদস্যরা তরুণদের সংগঠন ও মধ্য-ডান দলগুলোসহ সব রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে।সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে বিভিন্ন গোপন নথি ফাঁস করে দেওয়ার পর একপর্যায়ে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়ার দাবি ওঠে। ওই দাবির প্রেক্ষাপটে ২০১০ সালের ডিসেম্বরে পিপিআইয়ের ওয়েবসাইটে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতিতে বলা হয়, পিপিআইর সদস্য দলগুলো উইকিলিকসসহ এ ধরনের ওয়েবসাইটগুলোর প্রতি অঙ্গীকারাবদ্ধ।পিপিআইর সাবেক কো-চেয়ারম্যান গ্রেগরি এনজেলস বিষয়টিকে ‘মৌলিক অধিকারের জন্য ইন্টারনেটে লড়াই’ হিসেবে বর্ণনা করে বলেন, সরকারগুলোর গণমাধ্যম নিয়ন্ত্রণ ও কথা বলার স্বাধীনতা খর্ব করার চেষ্টা মেনে নেবে না পাইরেটরা।একই মাসে আরও পরের দিকে চেক পাইরেট পার্টি উইকিলিকসের মতো নিজস্ব ওয়েবসাইট পাইরেটলিকস চালু করে। ওই ওয়েবসাইটে চেক প্রজাতন্ত্রের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।একই মাসের শুরুর দিকে বলকানলিকস নামের ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে সার্বিয়ার পাইরেট পার্টি। হুইসেলব্লোয়িং ওয়েবসাইটগুলো যাতে কার্যকরভাবে ও নাম প্রকাশ না করেই ব্যবহার করা যায়, সে জন্য ব্যবহারকারীদের দক্ষ করে গড়ে তোলার কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মশালার আয়োজন করা হয়। পরে পার্টির টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক বার্তায় ওই কর্মশালাকে ‘চমৎকার’ হিসেবে বর্ণনা করা হয়।জার্মানির বার্লিনের স্টেট পার্লামেন্ট নির্বাচনে জার্মান পাইরেট পার্টির ১৫ প্রার্থীর সবাই শুধু জয়ী হয়নি, ১৯ বছর বয়সী এক প্রার্থীও জয়লাভ করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল হিসেবে টিকে থাকতে হলে পাইরেট পার্টিগুলোকে আরও অনেক কিছু করতে হবে। বর্তমান কর্মসূচির বাইরে গিয়ে তাদের নতুন কর্মসূচি নিতে হবে।স্টেফান বোরনোস্ট বলেন, আরও সামনে এগিয়ে যেতে হলে জার্মান পাইরেট পার্টিকে অবশ্যই তাদের অসংগতিগুলো দূর করতে হবে। তাঁর মতে, ‘ওয়েব স্বাধীনতা ও কপিরাইট ইস্যু এক ধরনের রাজনৈতিক আঠার মতো, যা এই গ্রুপকে একত্র করে রাখবে। কিন্তু ভবিষ্যতে আরও কিছুর দরকার হতে পারে।’ দাউদ ইসলামসূত্র: বিবিসি