
যে বয়সে তার সাইকেল চালানো শেখার কথা নয়, সেই বয়সে হি ইয়াইড কিনা চালাচ্ছে হাওয়াই জাহাজ! চীনের পাঁচ বছর বয়সী শিশু হি এ সপ্তাহে বিশ্বজুড়ে খবর হয়ে এসেছে কারও সাহায্য ছাড়াই ৩৫ মিনিট একটি হালকা উড়োজাহাজ চালিয়ে। বলা হচ্ছে, সবচেয়ে কম বয়সী পাইলটের রেকর্ডটা এখন তারই। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও উঠে গেছে হির নাম।
হির এই কীর্তিতে সবচেয়ে খুশি হওয়ার কথা তার বাবা হি লাইশেংয়ের। সিনিয়র হি এ বছরের শুরুতে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন একটি ইউটিউব ভিডিওর সৌজন্যে। ওই ভিডিওতে দেখা যায়, বরফঢাকা নিউইয়র্কের রাস্তায় ছোট্ট হিকে বুকডন দেওয়াচ্ছেন লাইশেং! কনকনে ঠান্ডায় কাঁপতে থাকা ছেলের আকুতিও যাঁকে টলাতে পারেনি। এরই মধ্যে ছেলেকে দৌড়ঝাঁপ করাচ্ছেন তিনি!
শুধু তা-ই নয়, লাইশেং এর আগে সমুদ্রের বুকে একটা নৌকার মধ্যে নাকি ছেড়ে এসেছিলেন ছেলেকে। এই বয়সেই ছেলেকে নিয়ে গিয়েছিলেন ফিজি পর্বতমালা অভিযানে! এত কিছুর কারণ একটাই, ছেলেকে কঠোর অনুশীলনের মধ্য দিয়ে বড় করা। ‘কঠোর প্রশিক্ষণ সহজ যুদ্ধ’—এই নীতিতেই বিশ্বাস করেন লাইশেং।
কঠোর প্রশিক্ষণ যে বেশ কাজে দিচ্ছে, সেটাই বোঝা গেল গত মাসে; ডুওডুও ডাকনামের হি যখন বেইজিং ওয়াইল্ড লাইফ পার্কের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে গেল প্লেন। চীনের পিপল ডেইলি জানাচ্ছে, ছেলেকে বিমান চালানো শেখানোর পেছনে ৩০ হাজার ইউয়ান খরচ করেন হি সিনিয়র। অবশেষে স্বপ্ন সত্যি হলো তাঁর। পত্রিকাটির দাবি, সেদিন ৩৫ মিনিটের এই উড়ানে পাইলটের আসনে একা বসে ছিল হি। পেছনে অবশ্য তত্ত্বাবধান করার জন্য একজন বসে ছিলেন। তবে কোনো সাহায্য করতে হয়নি তাঁকে। সফলভাবেই দক্ষ পাইলটের মতো প্লেনটি চালিয়েছে হি। হির প্রশিক্ষক ঝ্যাং ইয়ংহুই জানান, ৩০ কিলোমিটারের মতো আকাশপথ পাড়ি দিয়েছে এই খুদে পাইলট।
টুইটারের চীনা সংস্করণ ওয়েইবোতে হির বাবা লিখেছেন, ‘ওর উড়ান ছিল খুবই সফল, ও মোটেও ভয় পায়নি।’ কিন্তু লাইশেং বাড়াবাড়ি করছেন কি না, এই প্রশ্নও উঠছে। তিনি যে বড্ড একগুঁয়ে, সেটার প্রমাণ পাওয়া গেছে আবহাওয়ার সতর্কবার্তা উপেক্ষা করে ছেলেকে নিয়ে ফিজি পর্বত অভিযানে নেমে পড়ায়। সেবার তাঁদের মৃত্যু থেকে বাঁচিয়েছিল উদ্ধারকারী দল। চীনের নানজিংয়ের লারনিং রিসার্চ সেন্টারের পরিচালক গু লি গ্লোবার টাইমসকে বলেছেন, ‘তাঁর শিক্ষাপদ্ধতি কার্যকর, তবে সব শিশুর পক্ষেই এ ধরনের কঠোর শিক্ষাপদ্ধতি গ্রহণ করা সম্ভব নয়।’
রাজীব হাসান
ডেইলি মেইল ও আইএএনএস অবলম্বনে