পাওনা টাকা পরিশোধের কথা বলে খুন
খাগড়াছড়ির দীঘিনালার ছোট মেরুং ইউনিয়নের হাজাছড়া গ্রামের কৃষক নূর আলীকে (৪৫) পাওনা টাকা পরিশোধের কথা বলে মুঠোফোনে ডেকে এনে হত্যা করেন ভূঁইয়াছড়ি গ্রামের আবুল হোসেন। ২৩ এপ্রিল দুপুরে এই ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন নাশতার সঙ্গে নেশাদ্রব্যজাতীয় কিছু খাওয়ানোর পর অচেতন নূর আলীকে জবাই করে হত্যা করেন। ওই দিন রাতে ভূঁইয়াছড়ির একটি পাহাড়ে গর্ত করে লাশ পুঁতে রাখা হয়। ২৪ এপ্রিল হাজাছড়া গ্রামের মানুষ পাহাড়ে নূর আলীর লাশের সন্ধান পায়। এ ঘটনায় নিহত কৃষক নূর আলীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভূঁইয়াছড়ি গ্রামের আইয়ুব আলী (২৫), আবুল হোসেন (৩৫), আরজ আলী (৩০) ও আজাহারুল ইসলামকে (২০) পুলিশ আটক করেছে। পুলিশ আইয়ুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে রক্তমাখা ছুরি, তোশকসহ হত্যাকাণ্ডে ব্যবহূত কয়েকটি আলামত উদ্ধার করেছে। নূর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে গ্রেপ্তার হওয়া আবুল হোসেন ও আইয়ুব আলী পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।পুলিশ ও নিহতের আত্মীয়স্বজনের সূত্রে জানা যায়, উপজেলার ছোট হাজাছড়া গ্রামের নূর আলীকে (৪৫) সোমবার (২৩ এপ্রিল) দুপুরে পাওনা টাকা পরিশোধ করবেন বলে ভূঁইয়াছড়ি গ্রামের আবুল হোসেন হিসাবপত্র নিয়ে আসতে বলেন। সেখান থেকে নূর আলী নিখোঁজ হন। নূর আলীর পরিবার তাঁর মুঠোফোন বন্ধ পেলে মঙ্গলবার সকালে হাজাছড়া গ্রামের শতাধিক গ্রামবাসী বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে একটি পাহাড়ের গর্ত থেকে মাটি খুঁড়ে তাঁর লাশ বের করা হয়। নিহত নূর আলীর ভাগিনা নূর মোহাম্মদ ও জামাই হবিবুল ইসলাম জানান, নূর আলী ভূঁইয়াছড়ি এলাকার আইয়ুব আলীর কাছে ৮০ হাজার ও আবুল হোসেনের কাছে ৪০ হাজার টাকা পেতেন।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পুলিশের কাছে স্বীকারোক্তিতে গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী (২৫) ও আবুল হোসেন বলেন, ‘সোমবার দুপুরে নূর আলী আবুল হোসেনের বাড়িতে এলে সেখানে তাঁকে নাশতার সঙ্গে চেতনানাশক খাওয়ানো হয়। পরে সেখান থেকে আবুল হোসেন ও আইয়ুব আলী নূর আলীকে সঙ্গে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে আসেন। চেতনানাশক খাওয়ানোর কারণে নূর আলী অচেতন হয়ে পড়েন। পরে আবুল হোসেন ছুরি দিয়ে নূর আলীকে জবাই করেন। রাতে আবুল হোসেন ও আইয়ুব আলী পাশের কেরামত আলীর পাহাড়ে গর্ত করে লাশ পুঁতে রাখেন। পাওনা টাকা ও একটি পাহাড় বিক্রিকে কেন্দ্র করে তাঁরা নূর আলীকে হত্যা করেন বলে স্বীকার করেন।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘আবুল হোসেন ও আইয়ুব আলী পরিকল্পিতভাবেই কৃষক নূর আলীকে হত্যা করেছেন। দুজনকে রাতে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’