পাওয়া না-পাওয়ার হিসাব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ জ ম নাছির উদ্দীন
আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগে ‘মেগাসিটির’ স্বপ্ন পূরণে ৩৫ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দীন। মেয়র নির্বাচিত হওয়ার পর অন্তত ২৭টি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন তিনি। নিয়েছেন বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা। এর বেশির ভাগ প্রশংসিত হলেও কিছু ক্ষেত্রে সমালোচিতও হয়েছে।
মেয়র নির্বাচনের এক বছর পূর্তি হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে পাওয়া না–পাওয়ার হিসাব মেলাতে শুরু করেছেন নগরবাসী। গত বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার প্রায় তিন মাস পর ২৬ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আ জ ম নাছির উদ্দীন।
দায়িত্ব গ্রহণের পরপরই নগরের বর্জ্য ব্যবস্থাপনায় এনেছেন পরিবর্তন। ফলে নগর এখন অনেকটাই পরিচ্ছন্ন। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অভিযান চালিয়ে সব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া নগরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে গত অর্থবছরের তুলনায় বেশি বরাদ্দ রাখা হয়েছে এবার। এ ছাড়া যোগাযোগব্যবস্থার উন্নয়ন, ডিজিটাল চট্টগ্রাম বাস্তবায়ন, স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগেও হাত দিয়েছেন তিনি।
এদিকে সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি দ্বিগুণ হারে বাড়ানোয় সমালোচিত হয়েছেন মেয়র। অথচ তাঁর নির্বাচনী ইশতেহারে স্বল্প খরচে শিক্ষাব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর দায়িত্ব নেওয়ার পর দুটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়াও ভালো চোখে দেখেননি নগরবাসী। কারণ, এসব স্বাস্থ্যকেন্দ্রে গরিব-দুস্থ ব্যক্তিরা চিকিৎসা নিতেন।
প্রতিশ্রুতি পূরণে মেয়রের কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সচেতন নাগরিক সমাজ চট্টগ্রামের সভাপতি দেলোয়ার মজুমদার প্রথম আলোকে বলেন, মূল্যায়নের জন্য এক বছর পর্যাপ্ত সময় নয়। তারপরও মেয়র প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটিয়েছেন। এই সময়ের মধ্যে বিলবোর্ড উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ বাস্তবায়ন করেছেন। বর্জ্য অপসারণে ৬০-৭০ ভাগ উন্নতি হয়েছে। আর নগরের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে তাঁকে আন্তরিক মনে হচ্ছে। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে মেয়র আশা জাগিয়েছেন।
সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি নয় মাস হয়েছে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নগরের উন্নয়নে আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন আমি সফল না ব্যর্থ—তার বিচারের ভার নগরবাসীর কাছে রইল।’
মেয়র আ জ ম নাছির উদ্দীনের ইশতেহার পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর প্রধান প্রতিশ্রুতি ছিল চট্টগ্রামকে মেগাসিটিতে রূপান্তর করা। এই প্রতিশ্রুতির ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়, নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করার জন্য একটি কাঠামো তৈরি করে নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন প্রয়োজন। ইতিমধ্যে মেয়র এসব প্রতিষ্ঠানের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন। বাসযোগ্য নগর গড়ে তোলা এবং উন্নয়নকাজে সমন্বয়হীনতা দূর করতে গত বছরের ১২ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে ২৩টি সংস্থার কাছে সহযোগিতা চেয়ে ১২৪ প্রস্তাব দিয়েছে সিটি করপোরেশন।
আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম নগরবাসীর দুর্ভোগের জন্য দায়ী জলাবদ্ধতাকে সমাধানযোগ্য সমস্যা হিসেবে আখ্যায়িত করেছিলেন ইশতেহারে। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এই সমস্যা নিরসনে গত বছরের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি মৌসুমে নগরের খাল ও নালা-নর্দমা খননের জন্য ১৬৩টি প্রকল্পের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। গত বছর খাল ও নালা খননের কাজে ব্যয় হয়েছিল ৬ কোটি ৩০ লাখ টাকা।
এ ছাড়া অনুমোদন পাওয়া নতুন খাল খননের জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে খালে যাতে ময়লা-আবর্জনা না জমে এ জন্য একটি বোর্ড গঠনের কথা থাকলেও তা গঠনের দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। এ দিকে কর্ণফুলী নদীর চর খননেও কোনো উদ্যোগ নেই।
নগরের বাদুড়তলার আরাকান হাউজিং সোসাইটি এলাকার বাসিন্দা ও বেসরকারি চাকরিজীবী সৈয়দ আতিকুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে আমরা কিছুটা সন্দিহান। কেননা, এখনো নগরের অনেক নালা-নর্দমা ও খাল ময়লা-আবর্জনায় ভর্তি। এসব দ্রুত পরিষ্কার করা না হলে আবার জলাবদ্ধতায় তলিয়ে যাবে। তাই এ ব্যাপারে নজর দেওয়া উচিত মেয়রের।’ একই কথা বলেছেন চকবাজার এলাকার বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা আনামুল সোহেলও।
মেয়রের ইশতেহারের ১০ নম্বর প্রতিশ্রুতি ছিল নগরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণের বিষয়টি। দায়িত্ব গ্রহণের পরপরই এই লক্ষ্যে কাজ শুরু করেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে দিনের বেলার পরিবর্তে রাতে বর্জ্য অপসারণের কাজ শুরু করে করপোরেশন। এ ছাড়া গত ১৫ মার্চ সিটি করপোরেশনের অষ্টম সাধারণ সভায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে (ডোর টু ডোর) সরাসরি বর্জ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিলবোর্ড উচ্ছেদে মেয়রের কঠোর ভূমিকা সর্বস্তরে প্রশংসিত হয়েছে। ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়নের অংশ হিসেবে অপসারণ করা নগরের ছোট-বড় সব বিলবোর্ড। সিটি করপোরেশন এখনো নতুন করে কাউকে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেয়নি। চলতি বছরের ১৪ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসে ৫ হাজার ২৭ বিলবোর্ড অপসারণ করা হয়। অন্য দিকে নগরবাসীর যাতায়াত ও পরিবহনব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল ইশতেহারে। এর মধ্যে সড়কের প্রশস্ততা, পর্যাপ্ত ফুটপাত ও সড়ক বিভাজক নির্মাণ, ট্রাফিক সংকেতব্যবস্থার উন্নয়নে পুলিশ প্রশাসনের সমন্বয় করা ইত্যাদি। দায়িত্ব নেওয়ার পর শুধু সড়কগুলোই সংস্কার করা হয়েছে। ট্রাফিক–ব্যবস্থার উন্নতিও চোখে পড়েনি।
ইশতেহারে স্বল্প খরচে সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন মেয়র। তবে চলতি শিক্ষাবর্ষ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি বেড়েছে দ্বিগুণ হারে। অন্যদিকে, গত ১৫ মার্চের সাধারণ সভায় নগরের ঐতিহ্যবাহী মিউনিসিপ্যালে মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পাথরঘাটা মহিলা মহাবিদ্যালয়কে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয় ইশতেহারে। ইতিমধ্যে সিটি করপোরেশন পরিচালনাধীন দাতব্য চিকিৎসালয়ে নিবন্ধন ফি ৩০ টাকার পরিবর্তে ১০ টাকা করা হয়। এ ছাড়া বর্তমান মেয়রের আমলে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা ও আয় বৃদ্ধি পেয়েছে। গত বছরের প্রথম ছয় মাসে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যেখানে রোগী ছিল ৪ লাখ ৬৫ হাজার ৩১৬ জন সেখানে মেয়র দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসে (জুলাই ১৫-ডিসেম্বর ১৫) সেবা নিয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৮৬২ জন। তবে শুরুর দিকে গরিবের স্বাস্থ্যকেন্দ্র হিসেবে খ্যাত নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়র। দুটি স্বাস্থ্যকেন্দ্র বন্ধও করে দেওয়া হয়। যা ব্যাপকভাবে সমালোচিত হয়।
এ ছাড়া ডিজিটাল চট্টগ্রাম গড়া, কর্ণফুলী নদী বাঁচানো, এতিমদের সুব্যবস্থা, আবাসন–সংকট নিরসন, ক্রীড়া ও বিনোদনব্যবস্থার উন্নয়ন, শৌচাগারের উন্নয়ন, আয়বর্ধক প্রকল্প গ্রহণ, প্রান্তিক মানুষের সুবিধা, ব্যবসা-বাণিজ্য সংকট নিরসন, আধুনিক নিরাপত্তাব্যবস্থা, ধর্মীয় সুবিধা, স্বচ্ছতা ও জবাবদিহির ব্যাপারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র।
এদিকে, পাহাড় রক্ষা ও বনায়ন, পানিদূষণ রোধ, পানি–সংকট নিরসন ও জলাধার রক্ষা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, ভিক্ষাবৃত্তির বিমোচন, দারিদ্র্য বিমোচন, আধুনিক কসাইখানা স্থাপন, শিশুবান্ধব নগর, কৃষি খাতের উন্নয়নের ব্যাপারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি।