পাক-ভারত আলোচনার প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা ঠিক যে, একটি মাত্র বৈঠক দুই বৈরী প্রতিবেশীর দীর্ঘদিনের সমস্যা দূর করতে পারে না। ভারত ও পাকিস্তানের মতো দুই ‘আজন্ম শত্রুর’ ক্ষেত্রে তো নয়ই। এ কথাটি মাথায় রেখেও বলা যায়, সদ্য সমাপ্ত পাকিস্তান-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক প্রত্যাশা পূরণ করতে পারেনি। সন্ত্রাসবাদ বিষয়ে ভারতের উদ্বেগ হালে বিশেষ একটা পানি পায়নি বলেই মনে করছেন সে দেশের পর্যবেক্ষকেরা। কাশ্মীরের সংঘাত ও মুম্বাই হামলার মতো ঘটনায় পাকিস্তানের কথিত রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা বিষয়ে ভারতীয় পক্ষের উদ্বেগ প্রতিপক্ষকে তেমন নাড়া দেয়নি। একটি ইতিবাচক দিক হচ্ছে, নিরুপমা রাও ও সালমান বশিরের বৈঠকে কিংবা বৈঠক-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে কোনো ধরনের তিক্ততা ছিল না। কিন্তু প্রলম্বিত সমস্যাগুলোর সমাধানে ইসলামাবাদ সামান্যই নিশ্চয়তা দিয়েছে।ভারত কাঁপানো মুম্বাইয়ের ২০০৮ সালের সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে এখনো কোনো যৌক্তিক উপসংহারে পৌঁছানো সম্ভব হয়নি। হামলার সন্দেহভাজন মূল হোতা লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাইদকে অব্যাহতি দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই হামলার সঙ্গে জড়িত অন্য কোনো অপরাধীকে পাকিস্তানে এখন পর্যন্ত কোনো দণ্ড দেওয়া হয়নি। নয়াদিল্লির নানা চেষ্টা-তদবির সত্ত্বেও সুনির্দিষ্ট কোনো ফল পাওয়া যায়নি। এই প্রেক্ষাপট সত্ত্বেও ভারত কিছু কিছু ক্ষেত্রে আস্থা গঠনকারী উদ্যোগ নিয়েছে, যাকে সে দেশের পর্যবেক্ষকদের অনেকে আখ্যা দিয়েছেন ‘ব্যাখ্যাতীত নমনীয়তা’। মুম্বাইয়ের হামলায় ভারত সরকার এতটাই ধাক্কা খায় যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে ওই ঘটনাকে নির্বাচনী প্রচারণার অন্যতম কেন্দ্রীয় ইস্যু করেছিল। অন্যদিকে পাকিস্তানের বিশ্লেষকদের কথা হচ্ছে, সন্ত্রাসবাদ নিয়ে ভারত ‘বেশি রকম চাপাচাপি’ করছে এবং তা আলোচনা প্রক্রিয়ার জন্য ভালো নয়।যাই হোক, সদ্যসমাপ্ত সংলাপে পারস্পরিক অবিশ্বাস কমানোর চেষ্টায় উভয় সরকার কাশ্মীর, প্রতিরক্ষা ও পরমাণু-সম্পর্কিত বেশ কয়েকটি ক্ষেত্রে আস্থা গঠনকারী উদ্যোগের কথা ঘোষণা করেছে। আগামী মাসে নয়াদিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে।প্রত্যাশামতোই পাকিস্তানে দুই দিনের (২৩-২৪ জুন) সচিব পর্যায়ের সংলাপে কোনো দৃশ্যগ্রাহ্য ফল আসেনি। যা হয়েছে তা হলো ‘গঠনমূলক ও লক্ষ্যনির্ভরভাবে সংলাপ প্রক্রিয়াকে এগিয়ে নিতে’ সংকল্প ব্যক্ত করা। গৎবাঁধা কূটনৈতিক ভাষা। আলোচনার শেষে দেওয়া যৌথ ঘোষণায় দ্বিপক্ষীয় আলোচনাকে ‘খোলামেলা ও আন্তরিক’ আখ্যায়িত করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল আস্থা গঠনকারী উদ্যোগ , জম্মু ও কাশ্মীর এবং বন্ধুত্বপূর্ণ বিনিময়ের মতো বিভিন্ন শান্তি ও নিরাপত্তাবিষয়ক ইস্যু। ঘোষণায় আস্থা গঠন বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক এবং কাশ্মীর সীমান্তের উভয় পাশের মধ্যে বাণিজ্য ও ভ্রমণ বিষয়ে বৈঠকেরও তাগিদ দেওয়া হয়েছে। এতে সন্ত্রাসবাদকে শান্তি ও নিরাপত্তার প্রতি অব্যাহত হুমকি উল্লেখ করে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। নিরুপমা রাও-সালমান বশির বৈঠকে যেসব বিষয়ে আস্থা গঠনের আলোচনা হয়েছে তার একটি হলো পরমাণু ও প্রচলিত উভয় ধরনের অস্ত্রের সামর্থ্য। দুই সচিব এই জুলাই মাসে নয়াদিল্লিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে আবার বসতে সম্মত হন।ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রিফাত হুসেইন বলেন, পাকিস্তান-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যৌথ ঘোষণায় যে সতর্ক আশাবাদ ব্যক্ত করা হয়েছে, তা আসলে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা প্রতিবন্ধকতারই প্রতিফলন। ভারত ও পাকিস্তান উভয় দেশেই শান্তির পক্ষের শক্তিরা দুর্বল। এতে করে শান্তিবিরোধী উগ্র পন্থার সমর্থকেরা মৈত্রীর উদ্যোগ নস্যাৎ করে দিয়ে পরিবেশ নষ্ট করার সুযোগ পান।অধ্যাপক হুসেইন এবার কাশ্মীর নিয়ে আলোচনার বিষয়ে বিজেপির সভাপতি নীতিন গাডকারির প্রতিক্রিয়া তুলে ধরেন ভারতীয় কট্টরপন্থীদের মানসিকতার উদাহরণ হিসেবে। গাডকারি সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে আলোচনা করা অর্থহীন। পাকিস্তানি পর্যবেক্ষকেরা মনে করেন, আঞ্চলিকভাবে বৃহৎ শক্তি হিসেবে ভারতের উত্থান, কাবুলের ওপর প্রভাব নিয়ে প্রতিযোগিতা এবং ইসলামাবাদকে সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি হিসেবে চিহ্নিত করার ভারতীয় প্রচেষ্টার সঙ্গে ভারত কর্তৃক বেষ্টিত হওয়া ও আরেক বলকানে পরিণত হওয়ার আশঙ্কা যোগ হয়ে পাকিস্তানের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। এ কারণে দেশটি এখন ভারতের সঙ্গে সমান অবস্থানে থেকে আলোচনায় সক্ষম নয়। তবে সদ্যসমাপ্ত আলোচনায় চোখে পড়ার মতো ফল না মিললেও (যত যাই হোক, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক এটি) একে হাল্কা করে দেখার অবকাশ নেই। প্রথমত, এ আলোচনার অন্যতম লক্ষ্য ছিল মন্ত্রী পর্যায়ের আলোচনার প্রস্তুতি। তার ওপর সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন তাতে যেকোনো পর্যায়ের আলোচনা উভয় দেশের জন্য স্বস্তির বিষয়। ভারত-পাকিস্তান আলোচনা স্রেফ চালু রাখাই একটা কঠিন বিষয়। একেক দফা নতুন আলোচনা শুরু হতে না হতেই পারস্পরিক অবিশ্বাস আর বৈরিতার কবলে পড়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতোই। কয়েক দশক ধরেই চলছে এ অবস্থা। পাকিস্তানভিত্তিক জঙ্গিরা মুম্বাইতে ২০০৮ সালের নভেম্বরে হামলা করার পর দুদেশের সম্পর্ক তলানিতে ঠেকে। ভারত শান্তি আলোচনা স্থগিত করে দেয়। পাকিস্তান প্রথমে অস্বীকার করলেও পরে মেনে নেয় যে ওই হামলার পরিকল্পনার কিছুটা তাদের মাটিতেই হয়েছে। ঘটনার পর জীবিত অবস্থায় বন্দী একমাত্র জঙ্গিও দেখা যায় পাকিস্তানের নাগরিক। তবে গত কয়েক মাসে ধীরে ধীরে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। কাশ্মীর নিয়ে বিবাদের কারণে তিক্ততার মধ্য দিয়ে গত বছরের জুলাইতে আলোচনায় আবার ছেদ পড়ে। অনেক দিন পর এ বছরের গোড়ার দিকে শীর্ষ নেতারা অমীমাংসিত বিষয়ে আলোচনা আবার শুরু করতে সম্মত হন। গত মার্চ থেকে এটাই প্রথম দুই দেশের মুখোমুখি হওয়া। মার্চে ক্রিকেট কূটনীতি দিয়ে বেশ চমক সৃষ্টি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের মোহালিতে বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য দাওয়াত দিয়ে বসেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। মনমোহন তখন বলেছিলেন, ক্রিকেট দুদেশের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি উপাদান এবং ভারত ও পাকিস্তানের উচিত দীর্ঘদিনের বৈরিতা পেছনে ঠেলে দেওয়া।এবারের সর্বশেষ দফা আলোচনা শুরুর আগেও অনিশ্চয়তা কম ছিল না। ভারত সন্ত্রাসবাদের ওপর বিশেষ জোর দেওয়ায় এবং সিয়াচেন ও স্যার ক্রিকের বিষয়ে সংলাপে অচলাবস্থার কারণে রাও-বশির বৈঠকের তারিখ স্থির করাই সমস্যার মধ্যে পড়েছিল।এবারের সংলাপ ছিল নতুন করে শুরু হওয়ার পর থেকে মন্ত্রীদের বৈঠকের আগে সচিব পর্যায়ের শেষ বৈঠক। চলতি ধারাবাহিক আলোচনা পর্ব শুরু হয় গত ফেব্রুয়ারিতে থিম্পুতে রাও-বশির বৈঠকেই। এর আওতায় দুই দেশের কর্মকর্তারা গত কয়েক মাসে সন্ত্রাসবাদ মোকাবিলা, মানবিক বিষয়, সিয়াচেন, বাণিজ্য, কয়েকটি নদীবিষয়ক প্রকল্পের মতো বিভিন্ন বিরোধপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।জুলাইতে মন্ত্রীদের বৈঠকেই কেবল কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে। তবে এ আলোচনার পর অন্তত জানা গেল জুলাইয়ের আলোচ্যসূচি কী।