পাকা নালা নেই সেচ নিয়ে বিপাকে কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার ফুট দৈর্ঘ্যের পাকা সেচ নালার অভাবে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের প্রায় ১৫ হেক্টর জমি বছরের অধিকাংশ সময় পতিত অবস্থায় পড়ে থাকে। সেচসুবিধা থাকলে এসব জমি এক ফসলি থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করা সম্ভব। চাষিরা পাকা সেচ নালা নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।

খাগড়াছড়ি জেলা শহর থেকে আট কিলোমিটার দূরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়। এর পূর্ব পাশে রয়েছে ৫০ হেক্টর আয়তনের ধানি জমি। কিন্তু এ মাঠে চাষ হয় প্রকৃতির ওপর নির্ভর করে। ফলে সেচসুবিধা না থাকায় বছরের অধিকাংশ সময় পতিত অবস্থায় পড়ে থাকে।

সরেজমিনে দেখা যায়, মাত্র দুই থেকে আড়াই হাজার ফুট দৈর্ঘ্যের পাকা সেচ নালা নির্মাণ করা হলে এ মাঠের অন্তত ১৫ হেক্টর জমি এক ফসলি থেকে তিন ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব। মাইসছড়ি পুরাতন বাজার এলাকার বলিপাড়ার পাশ দিয়ে চেঙ্গি নদী চলে গেছে। এই বলিপাড়ার পার্শ্ববর্তী চেঙ্গি নদী থেকে পানি তুলে জমিতে সেচ দেওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে পাকা সেচ নালা নির্মাণ করা প্রয়োজন বলে কৃষকেরা জানান।

বলিপাড়ার গ্রামপ্রধান মংক্যচিং কার্বারি জানান, গরিব কৃষকের পক্ষে পাকা সেচ নালা নির্মাণ করা অসম্ভব। অথচ তাঁদের জমিগুলো এক ফসলি থেকে তিন ফসলি করা গেলে এলাকার কৃষকদের অবস্থার পরিবর্তন হতো। তিনি সরকারি উদ্যোগে সেচনালা নির্মাণ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান।

একই গ্রামের কৃষক মংসানু মারমা, চাইহ্লা প্রু মারমা, দেবানন্দ চাকমা জানান, তাঁদের জমিগুলো প্রথম শ্রেণীর জমি। উৎপাদনও ভালো হয়। তবে সেচের সুবিধা না থাকায় বছরের অধিকাংশ সময় পতিত থাকে। চেঙ্গি নদীর তীর থেকে জমির দূরত্ব বেশি হওয়ার কারণে কাঁচা সেচ নালা নির্মাণ করেও চাষ করা সম্ভব নয়।

কৃষি বিভাগের মাইসছড়ি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বকুল চন্দ্র দেবনাথ জানান, মাইসছড়ি ধানি জমিটির আয়তন ৫০ হেক্টর। এই ৫০ হেক্টরের মধ্যে কয়েক হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে ধরে রাখা বৃষ্টির পানি দিয়ে চাষ করা হয়। তবে অধিকাংশ জমি পতিত অবস্থায় পড়ে থাকে। সেচের সুবিধা থাকলে এ জমিতে তিন ফসল চাষ করা সম্ভব।

মাইসছড়ি ইউনিয়নে চেয়ারম্যান শান্তশীল চাকমা বলেন, এই এলাকার কৃষকরা গরিব। তাদের প্রয়োজন এই জমিগুলোতে সারা বছর ফসল ফলানো। কিন্তু সেচের অভাবে বছরের অধিকাংশ সময় পতিত থাকে। সেচ নালা নির্মাণ করার মতো আর্থিক সামর্থ্য নেই ইউনিয়ন পরিষদের। তিনি বলেন, কৃষি বিভাগ আড়াই থেকে তিন হাজার ফুট দৈর্ঘ্যের পাকা সেচ নালা নির্মাণ করলে এ এলাকার কৃষকরা উপকৃত হবে। এক ফসলি জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হবে।