পাকিস্তান এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন। এতে তিনি বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান, প্রতিবেশী আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতি, কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, আঞ্চলিক প্রাধান্যের দ্বন্দ্বসহ আঞ্চলিক ইস্যুতে খোলামেলা কথা বলেন। সেই সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরা হলো।টুইন টাওয়ারের ঘটনার পর থেকে পাকিস্তান বিশ্বের মনোযোগের কেন্দ্রে ছিল। ন্যাটো বাহিনী প্রতিবেশী আফগানিস্তান থেকে চলে যাচ্ছে। পাকিস্তান কি আলোচনার কেন্দ্র থেকে সরে যাবে?আমি তা মনে করি না। এ অঞ্চলটি খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান এ দেশকে অনন্য কৌশলগত গুরুত্ব দিয়েছে। ন্যাটো বাহিনী চলে গেলেও ভবিষ্যতে কী হবে, তা দেখতে বিশ্বের নজর পাকিস্তানের ওপর থাকবে।পাকিস্তানের সেনাবাহিনী সম্প্রতি সন্ত্রাসবাদকে ভারতের চেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে। এ বিষয়টি বহির্বিশ্বের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বা অভ্যন্তরীণ ক্ষেত্রে কী প্রভাব ফেলতে পারে?দেখুন, কোনো দেশ বা অঞ্চলের পরিবেশ-পরিস্থিতি স্থির থাকে না। এখনকার বিবেচনার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, আফগানিস্তান ও আল-কায়েদার মতো বিষয়। তার মানে এই নয় যে পূর্ব সীমান্তের বাইরের হুমকির ব্যাপারে আমাদের মনোযোগ নেই। সম্প্রতি কাশ্মীর সীমান্ত অশান্ত হয়ে উঠলে সেনাবাহিনী সেদিকে নজর দিয়েছে। কাজেই যেদিকে নতুন সমস্যা মাথাচাড়া দেবে, সেদিকেই দৃষ্টি দেওয়া হবে। কাশ্মীর সীমান্তের সংঘর্ষগুলো কি বড় সংঘাতে রূপ নিতে পারে?মনে হয় না। পাকিস্তানি সেনাবাহিনী আগ্রাসন প্রতিহত করতে সক্ষম। তা ছাড়া ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পারমাণবিক সক্ষমতা। এ কারণে বড় সংঘাত হবে না। ন্যাটো বাহিনী শিগগিরই আফগানিস্তান থেকে চলে যাচ্ছে। আপনার মতে, আফগানিস্তানের নিরাপত্তার জন্য কতসংখ্যক বিদেশি সেনা থেকে যাওয়া উচিত?আমি ব্যক্তিগতভাবে মনে করি, ন্যাটো সেনা চলে গেলে তালেবান আবার আফগানিস্তান দখল করে ফেলবে। তবে ন্যাটো যদি কিছু সামরিক সরঞ্জাম যেমন হেলিকপ্টার গানশিপ রেখে যায়, তাহলে ২০১৪ সালের পর বর্তমান অবস্থা প্রায় বজায় রাখা যাবে।নতুন আফগান শান্তি পরিকল্পনায় পাকিস্তানকে প্রায় চালকের আসনেই বসানো হয়েছে। অনেকে বলেন, এটি কার্যত দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল তালেবানকে দিয়ে দেবে। এতে কি সেই নব্বইয়ের দশকের পরিস্থিতি সৃষ্টি হবে না?দেখুন, তালেবান, আসলে বলা ভালো পাখতুন জাতি, হচ্ছে দেশের জনগোষ্ঠীর শতকরা ৫০ ভাগ। এ কারণে তাদের দেশটির সরকারে প্রাধান্য দেওয়া উচিত। আর পাকিস্তানের ভৌগোলিক অবস্থান ও জনগোষ্ঠীর জাতিগত বৈশিষ্ট্যের কারণে আফগান ইস্যুতে দেশটির গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া উচিত। আপনি কিছু সাক্ষাৎকারে বলেছেন, ভারত আফগানিস্তানে পাকিস্তানবিরোধী সরকার দেখতে চায় এবং পাকিস্তানের তা ঠেকানোর অধিকার আছে। আপনি কি মনে করেন, এ নিয়ে ভারত-পাকিস্তান ‘ছদ্ম লড়াই’ চলবে?সম্ভাবনা আছে। বেশ ভালো রকমের সম্ভাবনা। আর দেখুন, আমি পাকিস্তানবিরোধী সরকারের কথা বলিনি, বলেছি পাকিস্তানবিরোধী আফগানিস্তান। যে আফগানিস্তানের গতিপ্রকৃতি ভারতের দিকেই বেশি ঝুঁকে থাকবে। যদিও ভৌগোলিক ও জাতিগত দিক থেকে পাকিস্তানের সঙ্গেই তার নৈকট্য বেশি। দুর্ভাগ্যজনকভাবে ১৯৫০-এর দশকের গোড়া থেকেই এ খেলা চলে আসছে। কিন্তু আফগানরা তো একই কথা বলে। তারা বলছে, পাকিস্তান সেখানে পাকিস্তানপন্থী সরকার গঠনের চেষ্টা করছে। এটা একেবারেই মিথ্যা। সবাই এ অঞ্চলের ইতিহাস জানে। আমাদের অনেক কিছুর জন্য অভিযুক্ত করা হয়। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এসব করা হলে তাকে আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে।